আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ এনে দেয়া তারকা সিজার মেনোট্টি বলেছেন, গত মৌসুমে স্প্যানিশ লিগে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে ভাল পারফরম্যান্স করেছেন অ্যাঞ্জেল ডি মারিয়া। কিন্তু তাকে উৎসাহ দিতে ব্যর্থ হয়েছে লস ব্লাঙ্কোসরা।
গত মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ। তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ডি মারিয়া। কিন্তু তাকে দলে রাখা নিয়ে বেশি আগ্রহ নেই স্প্যানিশ জায়ান্টদের। আশা করা হচ্ছে, এই মাসের শেষের দিকে অন্যত্র চলে যেতে পারেন আর্জেন্টিনার ২৬ বছর বয়সী মিডফিল্ডার।
এ বিষয় ১৯৭৮ বিশ্বকাপ জয়ী মেনোট্টি এক সাক্ষাৎকারে বলেন, "আমি মনে করি, গত কয়েক মাসের বিবেচনায় ডি মারিয়াকে স্পেনের সেরা খেলোয়াড় বলা চলে। এমনকি সে মেসিকেও ছাড়িয়ে গেছে।"
আর্জেন্টিনার সাবেক কোচ আরো বলেন, "মাদ্রিদ ডি মারিয়ার সঙ্গে যে আচরণ করছে এটা এক ধরনের অবিচার।"
২০১০ সালে বেনফিকা ছেড়ে রিয়ালে যোগ দেন ডি মারিয়া। এরপর লা লিগায় ক্লাবটির হয়ে ১০০টি ম্যাচে মাঠে নেমেছেন এই আর্জেন্টাইন তারকা। বার্নব্যুতে তার সঙ্গে ২০১৮ সালের জুন মাস পর্যন্ত চুক্তি রয়েছে। কিন্তু ৬০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি'তে তাকে বিক্রি করতে যাচ্ছে রিয়াল।
জানা গেছে, ডি মারিয়াকে দলে নিতে যাচ্ছে প্যারিস সেন্ট জার্মেই ও ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সম্প্রতি লিগ ওয়ান চ্যাম্পিয়নরা জানিয়েছে যে তাকে দলে নিতে এত অর্থ খরচ করতে ইচ্ছুক না তারা। তবে আক্রমণভাগ আরো শানিত করতে ডি মারিয়াকে দলে নিতে পারেন কোচ লুইস ভ্যান গল।
ঢাকা,২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





