টানা দুই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলোয় উঠেছে ফ্রান্স। এই প্রথম বড় কোনো প্রতিযোগিতায় খেলার সুযোগ পাওয়া আলবেনিয়াকে গ্রুপ পর্বের ম্যাচে ২-০ গোলে হারিয়েছে ২০০০ সালের চ্যাম্পিয়নরা।

মার্সেইয়ে বুধবার রাতে প্রথমার্ধের অনুজ্বল পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধের দারুণভাবে ঘুরে দাঁড়ায় দিদিয়ে দেশমের দল। একের পর এক আক্রমণ করে গেলেও সাফল্য মিলছিল না, অবশেষে শেষ দিকে অঁতোয়ান গ্রিজমানের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান আরও বাড়ান দিমিত্রি পায়েত।

মার্সেইয়ের স্তাদে ভেলোদ্রোমে প্রথমার্ধে কোনো দলই তেমন ধারালো আক্রমণ করতে পারেনি। বিশেষ করে ফ্রান্সের এলোমেলো, পরিকল্পনাহীন ফুটবল বিরক্ত করেছে তাদের সমর্থকদেরই। বিরতিতে ড্রেসিংরুমে ফেরার সময় গ্যালারির দুয়ো পর্যন্ত শুনতে হয়েছে ‘লা ব্লুজ’-এর খেলোয়াড়দের।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে অবশ্য প্রতিপক্ষের ওপর ঝাঁপিয়ে পড়েছে ফ্রান্স। দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো স্বাগতিকরা। কিন্তু অলিভার জিরুদের ক্রস আলবেনিয়া ডিফেন্সকে ফাঁকি দিলেও ঠিকমতো মাথা ছোঁয়াতে পারেননি কিংসলে কোম্যান।

৫৩ মিনিটে আরেকটু হলে গোটা স্টেডিয়ামকে স্তব্ধ করে দিতো আলবেনিয়া। দারুণ এক আক্রমণ থেকে ফ্রান্সের পোস্ট লক্ষ্য করে শট নিয়েছিলেন এরমির লেনইয়ানি। বল গোলরক্ষক হুগো লরিসকে পরাস্ত করলেও ফিরে এসেছে সাইডবারে লেগে।

এরপর ফ্রান্স ভালো ‍দুটো সুযোগ পেয়েছিল। প্রথমবার দিমিত্রি পাইয়েতের পাস থেকে সুবিধাজনক অবস্থানে থেকেও গোল করতে পারেননি পল পগবা। পরেরবার কোম্যানের ক্রস থেকে বক্সের ভেতর থাকা জিরুদের হেড চলে গেছে বাইরে। ৬৭ মিনিটে জিরুদ আবার হতাশ করেছেন দলকে। প্যাত্রিস এভ্রার ক্রস থেকে তাঁর হেড ফিরে এসেছে সাইডবারে লেগে।

সময় যত গড়িয়েছে, ফ্রান্সের আক্রমণের ধারও ততই বেড়েছে। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতায় গোলের দেখা পাচ্ছিল না টুর্নামেন্টের দুবারের চ্যাম্পিয়নরা। সমর্থকদের উৎকণ্ঠাও বেড়ে যাচ্ছিল। অবশেষে ৯০তম মিনিটে ফরাসীদের দুশ্চিন্তা দূর করেছেন বদলি হিসেবে নামা আন্তইন গ্রিজম্যান। আদিল রামির ক্রস থেকে এই স্ট্রাইকারের হেড আলবেনিয়ার জালে জড়িয়ে এগিয়ে দিয়েছে ‘লা ব্লুজ’কে। আর শেষ বাঁশির কয়েক সেকেন্ড আগে পাইয়েতের নিখুঁত শট নিশ্চিত করেছে তিন পয়েন্ট প্রাপ্তি।

বুধবার ‘এ’ গ্রুপের আগের ম্যাচে রোমানিয়া ও সুইজারল্যান্ড ১-১ গোলে ড্র করেছে। ১৮ মিনিটে বোগদান স্তাংকুর সফল পেনাল্টি রোমানিয়ানদের এগিয়ে দিলেও ৫৭ মিনিটে সুইসদের সমতায় ফিরিয়েছেন আদমির মেহমেদি।

এমআইএস