এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলের বাছাই পর্বে জর্ডানকে হারানোর পর আরব আমিরাতকে ধরাশায়ী করেছে বাংলাদেশের তরুণীরা। এবার ভারতকে হারানোর লক্ষ্য তাদের। এ লক্ষ্যে আগামীকাল রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের মাঠে নামবে সানজিদারা। ম্যাচটি শুরু হবে বিকাল পাঁচটায়।

প্রথম ম্যাচে সানজিদার একমাত্র গোলে জয় পায় বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে আরব আমিরাতের জালে ৬ বার বল জড়ায় বাংলাদেশের মেয়েরা। ফলে প্রথম দুই ম্যাচে জয় পেয়ে দারুণ উজ্জীবিত তারা।

এদিকে প্রথম ম্যাচেই হতাশ হতে হয়েছে ভারতকে। ইরানের কাছে ২-১ গোলে হেরেছে তারা। যদিও ম্যাচটির শুরুতে এগিয়ে গিয়েছিল তারা।

প্রথম ম্যাচে জয় পাওয়ায় বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দর্শকরা ভিড় জমিয়েছিলেন। সেই ম্যাচে তাদের টিকিটের মূল্য (৫০ টাকা ও ১০০ টাকা) ঠিকই পূরণ করে দিয়েছেন ফুটবলাররা। এবার ভারতের বিপক্ষে লড়াই! তাই লোভটা হয়তো অনেকেই সামলাতে পারবেন না। তবে যারা স্টেডিয়ামে না যেতে পারবেন, তারা সরাসরি খেলা দেখতে পারবেন চ্যানেল নাইনে।

জেডআই