চোট নিয়ে এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন বার্সেলোনা তারকা দানি আলভেজ। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে রোববারের ম্যাচে কুঁচকিতে চোট পেয়েছেন তিনি।

এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে কিছু পরীক্ষার পরে আলভেসের ডান পায়ের কুঁচকিতে চোট ধরা পড়েছে। যদিও বার্সেলোনার পক্ষ থেকে নির্দিষ্ট করে জানানো হয়নি ৩২ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের কতদিন বিশ্রামে থাকতে হবে। কিন্তু কাতালান গণমাধ্যম সূত্রে জানা গেছে আগামী এক মাস হয়ত তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।

এই সময়ের মধ্যে ঘরের মাঠে মালাগা ও লেভান্তে এবং ১২ সেপ্টেম্বর এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে তার সার্ভিস পাচ্ছে না বার্সেলোনা।

এদিকে স্যান মামেসের মাঠে ৬৮ মিনিটে গোঁড়ালির ইনজুরি পড়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছিলেন সার্জিও বাসকোয়েট। তবে ক্লাবের বিবৃতিতে বলা হয়েছে এই মিডফিল্ডারের ডান গোঁড়ালিতে তেমন কোন গুরুতর ইনজুরি ধরা পড়েনি।

ধারণা করা হচ্ছে স্প্যানিশ কোচ ভিসেন্টে ডেল বস্কর অধীনে শুক্রবার স্লোভাকিয়া ও পরের মাসে মেসিডোনিয়ার বিপক্ষে ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে বাসকোয়েট খেলতে পারবেন।

জেডআই