পাকিস্তান সফর নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। ২০০৯ সালের পর এই প্রথম হোম সিরিজ আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। আগামী মাসে জিম্বাবুয়েকে আতিথেয়তা দেয়ার মাধ্যমে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।
পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে জিম্বাবুয়ে। সফরের সর্বশেষ অগ্রগতি জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে ম্যাচগুলো মূলত লাহোর ও করাচিতে অনুষ্ঠিত হবে।
যদিও ভেন্যুর বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি তথাপি লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এবং করাচির সাউদেন্ড ক্লাব মাঠেই ম্যাচ আয়োজনের সম্ভাবনা বেশি।
চলতি সপ্তাহে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভার সাইডলাইনে উভয় বোর্ড সূচি চূড়ান্ত করবে।
বর্তমানে তিন ওয়ানডে, একটি টি-২০ এবং দুই টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে পাকিস্তান দল ঢাকায় অবস্থান করছে।
আইসিসি’র পর্ণ সদস্য হিসেবে সর্বশেষ ২০০৯ সালে শ্রীলংকা দল পাকিস্তান সফর করেছিল। মার্চ মাসে লাহোরে গাদ্দাফি স্টেডিয়ামে যাওয়ার পথে শ্রীলংকা দল বহনকারী বাসে জঙ্গী হামলার পর সফরকারী দলটি জরুরি ভিত্তিতে দেশে ফিরে যায়। সেই থেকে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট বন্ধ রয়েছে। আগামী মাসে জিম্বাবুয়ে সফর দিয়ে আবারো দেশটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট।
জেডআই





