ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বৃষ্টির পর দ্রুত উইকেট হারানো বাংলাদেশ দলকে রানের মোড় ঘুরিয়ে দিয়ে মাঠ থেকে বিদায় নিলেন সাব্বির রহমান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৪৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন সাকিব আল হাসান (৪৫) ও নাসির হোসাইন (১৪)।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধুম-ধাড়াক্কা ব্যাটিং করতে থাকে বাংলাদেশ। প্রথম ১০ ওভারেই সংগ্রহ করে ৭৯ রান।
২০১৪ সালের ডিসেম্বরে ওয়ানডেতে অভিষেক হওয়া সৌম্য সরকারের দ্বিতীয় অর্ধ শতকে দলীয় শত রান পূর্ণ হয়। তবে ১৩.৪ ওভারে হাফ সেঞ্চুরি করা সৌম্য সরকার রান আউটের ফাঁদে পড়েন। সুরেশ রায়না থ্রোয়িং করা বল সরাসরি স্টাম্পে লেগে যায়। ফলে টাইগারদের প্রথম উইকেটের পতন হয়।
তামিম ইকবালের ৩০তম ওয়ানডে অর্ধ শতকের পর বৃষ্টির কারণে খেলা সাময়িক বন্ধ হয়ে যায়। বৃষ্টির আগে ১৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ১১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বৃষ্টির পর মাঠে নেমে ১৭.৩ ওভারে অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ আউট হন তামিম। মাঠ ছাড়ার আগে ৬২ বলে ৬০ রান করেন তিনি।
১৯.৪ ওভারে অশ্বিনের বলে এলবিডব্লিউ আউট হন ওয়ানডাউনে নামা লিটন দাস। ১৩ বলে মাত্র ৮ রান করেছেন অভিষেক্ত এই ব্যাটসম্যান।
২৩.৩ ওভারে অশ্বিনের বলে রোহিত শর্মার হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান ১৯ বলে ১৪ রান করা মুশফিকুর রহিম।
সাকিবের সঙ্গে ৮৩ রানের জুটি গড়ে তোলেন সাব্বির রহমান। কিন্তু ব্যক্তিগত অর্ধ শতক থেকে মাত্র নয় রান দূরে থাকতে জাদেজার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন এই তারকা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
জেডআই





