সেইলর-বাফুফে অনূর্ধ্ব-১৫ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগামীকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ম্যাচে শিরোপার জন্য লড়বে নারায়ণগঞ্জ ও ফেনী জেলা দল। বিকেল পাঁচটায় ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি ওয়ার্ল্ড।
ফাইনালে প্রধান অতিথি থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি।
ফাইনাল ম্যাচকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দু’দলের কোচ ও অধিনায়ক নিজেদের লক্ষ্যের কথা মিডিয়াকে জানান।
নারায়ণগঞ্জের কোচ আসলাম চৌধুরী বলেন, ‘আমরা শিরোপা জিততেই মাঠে নামবো। নিজেদের যোগ্যতা প্রমাণ করে আমার ছেলেরা ফাইনাল পর্যন্ত এসেছে। তারা পিছু হটতে চায় না। আশাকরি নিজেদের সেরাটাই মাঠে ঢেলে দিয়ে ফেনীকে হারাবে আমার দল।’ দলে কোন ইনজুরি সমস্যা নেই বলে উল্লেখ করেন তিনি।
অধিনায়ক অনন্ত কুমার বলেন, ‘ফাইনালে সেরাটা দিতে আমরা প্রস্তুত। টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্যেই এ পর্যন্ত এসেছি। আশাকরি ফাইনালে জয় নিয়ে লক্ষ্য পুরণ করতে পারব।’ ফেনীর কোচ আশরাফুল আনোয়ার শিমুল বলেন, ‘সেমিফাইনালে আমার ছেলেরা প্রত্যাশা পূরণ করেছে। ফাইনালেও তারা সেটা করতে পারবে বলে আশা রাখি। টুর্নামেন্টে এখন পর্যন্ত যেভাবে খেলেছি, তাতে ছেলেদের উপর আমার আস্থা রয়েছে। দলের সবাই সুস্থ। তারা ভালো খেলতে প্রস্তুত।’ অধিনায়ক ইফতেকার হোসেন অনিক বলেন, ‘ফাইনালে জয়ের বিকল্প ভাবছি না। প্রতিপক্ষ হিসেবে নারায়ণগঞ্জ শক্তিশালী। তবে আমরাও কম নই। আশাকরি নিজেদের উজাড় করে খেলেই জিতবো এবং শিরোপা ঘরে তুলবো।’
বাফুফে সদস্য ও টুর্ণামেন্ট কমিটির সম্পাদক সত্যজিৎ দাশ রূপু ও বাফুফের ডেভেলপমেন্ট কমিটির সদস্য হাসানুজ্জামান খান বাবলু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেলের পাশাপাশি যথাক্রমে দুই ও এক লাখ টাকার প্রাইজমানি দেয়া হবে।
জেডআই





