বাংলাদেশের সেরা অল রাউন্ডার সাবিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ হওয়ায় হয়তো খুশিতেই ছিল জিম্বাবুয়ে। কিন্তু দেশের গর্বের ক্রিকেটারকে বেশি দিন নিষিদ্ধ রাখেনি বিসিবি। আর তাতে যেন স্বপ্ন ভেঙ্গে গেল জিম্বাবুয়ের। ভাঙ্গারই কথা। কারণ প্রথম টেস্টে সফরকারীদের উপর সাকিবই তো বেশি চড়াও হলেন। তার স্পিন ঘূর্ণিতে প্রথম দিনে উড়ে গেল টেইলররা। দিন শেষে হওয়ার আগে মাত্র ২৪০ রানে ইনিংস শেষ হয়ে গেছে তাদের।

শনিবার শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে জিতে হয়তো মনে মনে হেসেছিল জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর। কিন্তু শেষ পর্যন্ত তাদের সব হাসি কেড়ে নিয়েছেন টেস্টে অল রাউন্ডার র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা সাকিব। এদিন বল হাতে জিম্বাবুয়ের ছয়টি উইকেট শিকার করেছেন তিনি।

প্রথম ওভারে জিম্বাবুয়ের ওপেনার সিবান্দাকে আউট করে উইকেট শিকারের যাত্রা শুরু করেন শাহাদাৎ হোসেন। এরপর শুরু হয় সাকিবের মিশন। হ্যামিল্টন মাসাকাদজাকে দিয়ে শুরু করে শেষ করলেন কামুঙ্গিজিকে আউট করে। সেই সঙ্গে ইনিংসও শেষ করে দিলেন তিনি।

জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের মধ্যে একমাত্র সিকান্দার রাজা ছাড়া আর কেউই পঞ্চাশোর্ধ্বো স্কোর করতে পারেনি। উদ্বোধনী জুটির সিকান্দার ৫১ রান করে অভিষিক্ত জুবায়ের হোসেনের শিকারে পরিণত হন। এছাড়া ক্রেইজ এরভাইন ৩৪ ও চিগুম্বুরা ২৯ রান করে আউট হন।

সাকিব ২৪.৫ ওভারে ৫৯ রান দিয়ে পাঁচটি মেডেনসহ ছয়টি উইকেট নেন। এছাড়া জুবায়ের হোসেন দুটি উইকেট ও শাহাদাৎ হোসেন একটি উইকেট পান।

জেডআই