নিউজিল্যান্ডের দেয়া ১৯৬ রানের পাহাড় ডিঙাতে ব্যাট করছে সফরকারী বাংলাদেশ। প্রথম ওভারেই সাজঘরে ফিরে গেছেন ইমরুল কায়েস।

মিশেল স্যাটনারের বলে টম ব্রুসের তালুবন্দি হন ইমরুল রানের খাতা খোলার আগেই।

তৃতীয় ওভারে ফিরে যান বাংলাদেশের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

ভুল বোঝাবুঝির শিকার হয়ে রান আউট হয়ে ফিরে যান ভালো খেলতে থাকা তামিম ইকবাল। মাত্র ৭ বলে দুটি চারের মারে তিনি ১৩ রান করেন।

তামিমের বিদায়ের পর মাঠে নামেন সাকিব আল হাসান। তবে বাজে শট খেলে মাত্র ১ রান করেই ফিরে যান তিনি। হুইলারের বলে নিশামের হাতে ক্যাচ তুলে দিয়ে আসা যাওয়ার মিছিলে নাম লেখান সাকিব।

৯.২ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ৮৯। সাব্বির রহমান ৪০ এবং সৌম্য সরকার ২৯রানে ব্যাট করছেন।

এর আগে শুক্রবার মাউন্ট মাঙ্গানুইতে দ্বিতীয় ম্যাচে টস হেরে স্বাগতিকরা ৭ উইকেটে ১৯৫ রান করে।

বড় সংগ্রহ গড়লেও শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। প্রথম বলেই উইকেট এনে দেন অধিনায়ক মাশরাফি। রানের খাতা খোলার আগেই লুক রনকিকে মোসাদ্দেক হোসেন সৈকতের তালুবন্দি করান তিনি।

এরপর কলিন মুনরো আর অধিনায়ক কেন উইলিয়ামসন প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু সাকিব বল হাতে এসেই ৪২ রানের এই জুটি ভাঙেন উইলিয়ামসনকে (১২) তামিমের তালুবন্দি করে। দলীয় ৪৬ রানে মোসাদ্দেক হোসেনের বলে কোরি অ্যান্ডারসন সরাসরি বোল্ড হলে চাপে পড়ে স্বাগতিকরা।

সেখান থেকে দলকে টেনে তোলেন কলিন মুনরো ও টম ব্রুস জুটির ১২৩ রান। দলীয় ১৬৯ রানে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে মুনরোকে ফেরান রুবেল হোসেন। অবশ্য সাজঘরে ফেরার আগেই কাজের কাজ করে গেছেন তিনি। মাত্র ৫৪ বলে সমান ৭টি করে চার-ছয়ে ১০১ রান করেছেন মুনরো।

একই ওভারের এক বল বিরিত দিয়ে রুবেল কলিন গ্রানড্রমিকে সরাসরি বোল্ড করেন। এরপর শেষ ওভারের প্রথম বলে তিনি জেমস নিশামকে বোল্ড করে তৃতীয় শিকার তুলে নেন। এরপর আরও একটি উইকেটের কৃতিত্ব রুবেলের, নিজের বল নিজেই কুড়িয়ে নিয়ে মিশেল স্যাটনারকে রানআউট করেন এই পেসার। শেষ বলে এক রান নেন ৩৯ বলে ৫৯ রান করা টম ব্রুস।

বাংলাদেশের পক্ষে চার ওভারে ৩৭ রানে ৩ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। সাকিব ৩২, মাশরাফি ৩৮ এবং মোসাদ্দেক হোসেন ২২ রান খরচায় একটি করে উইকেট তুলে নিয়েছেন।

প্রথম ম্যাচের দল নিয়েই খেলছে টাইগাররা। ফলে নিউজিল্যান্ড সিরিজে টি ২০-তেও অভিষেক হল না অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের।

নেপিয়ারে প্রথম ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। আগামী ৮ জানুয়ারি মাউন্ট মাঙ্গানুইতেই হবে শেষ টি ২০।

মাহমুদ