ভাগ্যটা সতিই খারাপ ডেভিড ময়েসের। প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন দলটির দায়িত্ব নেয়ার পর যেন বিপদে পড়ে গেছেন তিনি। যোগ্য উত্তরসুরি হতে পারলেন না স্যার অ্যালেক্স ফার্গুসনের। ইংলিশ লিগের আশাই ছেড়ে দিয়েছে তার দল। হারের রাজ্যে হারিয়ে যাওয়া দলটির সফলতা ছিল শুধু চ্যাম্পিয়ন্স লিগ।  কোয়ার্টার ফাইনালে তাদের সামনে বাধা ট্রেবলজয়ী বায়ার্ন মিউনিখ। তবুও কম যাননি ময়েসের শিষ্যরা। প্রথম লেগে ১-১ গোলে ড্র করেছে তারা। কিন্তু দ্বিতীয় লেগেই পাচ্ছেন না দলের অন্যতম সেরা খেলোয়াড় ওয়েন রুনিকে। ইনজুরির কারণে আগামী কয়েক ম্যাচ দলের বাহিরে থাকবেন তিনি।
প্রথম লেগে ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে জয়ই লক্ষ ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু পেপ গার্দিওলার শিষ্যদের সঙ্গে পেরে উঠতে পারেনি। হারতেও হয়নি তাদেরকে। ফলে দ্বিতীয় লেগে এক গোলের ব্যবধানে জয় পেলে সেমিফাইনালে নাম লেখাতে পারবে না তারা। কিন্তু এর আগে আরেকটি দু:সংবাদ এল দলটির জন্য।
এমন দু:সংবাদটি জানিয়েছেন ময়েসই। পায়ের আঙ্গুলে চোট থাকার কারণে শনিবার লিগের অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসেলের বিপক্ষে মাঠ নামতে পারবেন না রুনি। পরে জানা গেল বায়ার্ন মিউনিখের বিপক্ষেও খেলতে পারবেন না এই স্ট্রাইকার। প্রথম লেগে বায়ার্নের বিপক্ষের ম্যাচেই চোট পেয়েছেন তিনি।
২০১০ সালেও পায়ের গোড়ালিতে ইনজুরির কারণে অ্যালিয়ানজ অ্যারিনায় খেলতে পারেননি রুনি। এবার দলের জীবন-মরণ ম্যাচেও একই মাঠে খেলতে পারবেন না তিনি। আগামী বুধবার শুরু হবে দ্বিতীয় লেগের লড়াই।
এমইউটিভিকে দেয়া সাক্ষাৎকারে ময়েস বলেছেন, 'পায়ের আঙ্গুলে মারাত্মক চোট পেয়েছেন রুনি। শুধু এই ম্যাচের (নিউক্যাসেলের বিপক্ষে) জন্য নয়, বুধবার মিউনিখেও তাকে আমরা দলে পাচ্ছি না।' তবুও আশার আলো দেখছেন ময়েস, 'তিনি খেলেন বা বিশ্রামে থাকেন, সেটা কোনো ব্যাপার না।' তবে রুনিকে দলে ফেরানোর সর্বোচ্চ চেষ্টার কথাও জানিয়েছেন ম্যানইউ বস, 'আমরা তাকে সপ্তাহব্যাপী চিকিৎসা করাবো এবং দেখি কত দ্রুত তাকে সারিয়ে উঠানো যায়।'