একদিকে ইউনিস খানের ডাবল সেঞ্চুরির সঙ্গে আযহার আলী ও মিজবাহর সেঞ্চুরিতে রানের পাহাড় পাকিস্তান জাতীয় দলের। তাদের ব্যাটিংয়ে আবু ধাবিতে নাস্তানাবুদ হচ্ছে অস্ট্রেলিয়া। অন্য দিকে ৬৯ রানে হেরে গেল পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ দল। তাও আবার ক্রিকেটে মাত্র যাত্রা শুরু করা আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের কাছে।

স্বাগতিক দল হিসেবে মাঠে নেমেছিল পাকিস্তানের তরুণরা। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসেও জয় পায়। কিন্তু খেলার মাঠে জয় পেল না তারা।

শুক্রবার টস জিতে আফগানিস্তানকে প্রথমে ব্যাটিংয়ে পাঠান স্বাগতিক অধিনায়ক সৌদ শাকিল। বল হাতে মাত্র ১৩ রানে প্রথম উইকেট শিকার করে ভালই সূচনা করেছিল তারা।

তবে উদ্বোধনী জুটির হযরতউল্লাহকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন আফগান দলনেতা ইহসানুল্লাহ। গড়ে তোলেন ৭৮ রানের জুটি। এরপর হযরতউল্লাহ ৪২ রানে আউট হলেও দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন ইহসানুল্লাহ। মাঠ ছাড়ার আগে ৭০ বলে ৬৫ রান করেন তিনি।

শেষের দিকে দ্রুত কয়েকটি উইকেট হারালেও দলের হাল ধরেন মোহাম্মদ সরদার। তার হার না মানা ৫৬ রানে ভর করে নির্ধারিত ৪৫ ওভারে নয় উইকেট হারিয়ে ২২৩ রান করে আফগানিস্তান।

জবাবে পাকিস্তানের কোনো ব্যাটসম্যানই হাফ-সেঞ্চুরি করতে পারেননি। কেউ আশা জাগানো স্কোর করতে না পারায় মাত্র ৪১.৩ ওভারে ১৫৪ রানেই খেলা শেষ হয়ে যায় তাদের। ইউসুফ বাবার সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া উমায়ের মাসুদের ৩১ ও নুর ওয়ালীর ২৯ রানই উল্লেখযোগ্য।

জেডআই