বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)’র সর্বকনিষ্ঠ অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কাছে হেরে গেলো মাশরাফি বিন মুর্তজা। রাজশাহী কিংসের দেওয়া ১৩৬ রান টপকাতে পারল না মাশরাফির দল রংপুর রাইডার্স।
বিপিএলে উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা ৫ রানে হেরে গেছে মিরাজের দলের কাছে।
আজ (১৩ জানুয়ারি) রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে ইনিংসের শুরুতেই ওপেনার মাশরাফি বিন মুর্তজার উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় রংপুর।
৩২ রানে হারায় দ্বিতীয় উইকেট। পরে মোহাম্মদ মিঠুন (৩০) ও ক্রিস গেইল (২৩) দুটি ইনিংস খেলেন। পরে রাইলি রুশো ৪৪ রানের হার না মানা একটি ইনিংস খেলে দলকে জয়ের একেবারেই কাছাকাছি নিয়ে গিয়েও শেষ পর্যন্ত পারেননি।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রাজশাহীর টপঅর্ডার ব্যাটসম্যানরা খুব একটা সুবিধা করতে পারেননি। তরুণ জাকির হাসান যাতে সর্বোচ্চ ৪২ রান করেন। হার-না-মানা এই ইনিংসটি খেলতে তিনি খরচ করেছেন ৩৬ বল। আর পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ উল্লেখযোগ্য হিসেবে করেন ২৬ রান।
ব্যক্তিগতভাবে কেউ খুব বড় কোনো সাফল্য না পেলেও রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়েই সম্ভব হয়নি রাজশাহীর পক্ষে ভালো রান করা।
এর মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সবচেয়ে ভালো করেছেন বল হাতে। তিনি ৪ ওভার বল করে ২২ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। এছাড়া সোহাগ গাজী ২টি আর ফরহাদ রেজা পান ১টি উইকেট।
বিপিএল’র ষষ্ঠ আসরে পাঁচ ম্যাচ খেলে রংপুরের এটি তৃতীয় হার। অবশ্য ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। চার ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে রাজশাহী আছে ষষ্ঠ স্থানে। আর চার ম্যাচ খেলে সবকটিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ঢাকা ডায়নামাইটস।
এমবি





