টেস্ট ফরম্যাটে নিজ মাঠে উইকেট শিকারের সেঞ্চুরি করলেন বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান। ফতুল্লায় তৃতীয় দিনে ভারতের ওপেনার শিখর ধাওয়ানের উইকেট শিকার করে দেশের মাটিতে প্রথম বোলার হিসেবে ১শ’ উইকেট শিকারের কৃতিত্ব দেখালেন সাকিব।
২০০৭ সালে চট্টগ্রামে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নামেন সাকিব। ঐ টেস্টের প্রথম ইনিংসে উইকেট শূন্যই ছিলেন তিনি। এরপরের দু’ইনিংসেও উইকেট শূন্য থাকতে হয় সাকিবকে। তবে ২০০৮ সালে জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে প্রথম উইকেট শিকারের স্বাদ পান তিনি। তখনো দেশের মাটিতে উইকেট নেয়ার আনন্দটা করতে পারেননি সাকিব।
অবশেষে ২০০৮ সালের ফেব্রুয়ারিতে চট্টগ্রাম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের মাটিতে প্রথম উইকেট শিকারের স্বাদ পান সাকিব। বর্তমান বিশ্বের সবচেয়ে বিধ্বংসী-ভয়ানক ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে বোল্ড করে দেশের মাটিতে প্রথম উইকেট শিকার করেন বাঁ-হাতি এই স্পিনার।
সাকিবের সেই অর্জন আজ আরও ভরপুর। প্রথম বোলার হিসেবে দেশের মাটিতে টেস্ট ক্রিকেটে ১শ’ উইকেট শিকারের নজির গড়লেন সাকিব। ভারতের ওপেনার ধাওয়ানের উইকেট নিয়ে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
আন্তর্জাতিক অঙ্গনে দেশের মাটিতে উইকেট শিকারের ক্ষেত্রে সবার উপরে আছেন শ্রীলংকার মুত্তিয়া মুরালিধরন। ৭৩ ম্যাচে তার উইকেট শিকারের সংখ্যা ৪৯৩। ৬৩ ম্যাচের ১১৫ ইনিংসে ৩৫০ উইকেট নিয়ে এই তালিকার দ্বিতীয়স্থানে রয়েছেন ভারতের অনিল কুম্বলে। আর তৃতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন শিকার করেছেন ৩১৯ উইকেট। তিনি ৬৯ ম্যাচে খেলেছেন ১২৯ ইনিংস।
জেডআই





