চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে হারের রাজ্যে হারিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড। শিরোপা ধরে রাখা তো দূরের কথা, মান বাঁচানোই তাদের জন্য দায়। তাদের এই করুণ দশায় নাকি বিশ্বব্যাপী প্রিমিয়ার লিগের ব্র্যান্ডে আঘাত হয়েছে। এ রকম কথাই বললেন প্রতিযোগিতার প্রধান নির্বাহী রিচার্ড সুডামোর।
গত মৌসুম শেষে অবসর নেন ইউনাইটেডে ২৭ বছর কোচের দায়িত্ব পালন করা স্যার অ্যালেক্স ফার্গুসন। তার স্থলাভিষিক্ত হন ডেভিড ময়েস। কিন্তু নতুন বসের অধীনে একের পর এক ম্যাচে হেরে যায় ওয়েন রুনিরা। লিগে গত ৩১ ম্যাচে ১০ বার হারের সাধ পেয়েছে তারা। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চেলসির চেয়ে ১৮ পয়েন্ট পিছিয়ে আছে ২০ বারের চ্যাম্পিয়নরা।
এভারটনের সাবেক বস ময়েসের দল এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছে। এরপর ক্যাপিটার ওয়ান কাপের সেমিফাইনালেও হারের লজ্জা নিয়ে মাঠ ছেড়েছে। ব্যর্থতার মধ্যে সফলতা ঝুলিতে রয়েছে শুধু চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু সেখানেও রয়েছে বিপদ। কারণ কোয়ার্টার ফাইনালে আগামী মাসে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা।
ম্যানচেস্টার ইউনাটেডের প্রসঙ্গ তুলে সুডামোর বলেন, 'এটা যেন দু'দিকে বিপদ। যখন সবচেয়ে ভালো দলটি খারাপ খেলবে, তখন সেখানে সবার আগ্রহ কমে যায়। বিশ্বব্যাপী অনেক সমর্থক রয়েছেন যারা চান ম্যানচেস্টার ইউনাইটেড আবার শিরোপাটি জিতুক। কিন্তু এখানে ভারসাম্যরও দরকার আছে।'
প্রিমিয়ার লিগের প্রতিযোগিতাকে ব্যবসা হিসেবে উল্লেখ করে তিনি জানান, 'আগামী ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সম্প্রচার স্বত্ব বিক্রি করে বিদেশী টিভি থেকে ২ বিলিয়ন পাউন্ডেরও বেশি আয় করবে প্রিমিয়ার লিগ। আর গত বছরই দেশের সম্প্রচার স্বত্ব স্কাই ও বিটির কাছ থেকে আয় হয়েছে প্রায় ৩ বিলিয়ন পাউন্ড।'