গত রোববার পূর্ব লাহোরে আত্মঘাতি বোমা হামলায় ৭০ জন মানুষ মারা গেছেন। ভয়াবহ সেই হামলার কারনে চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের মুখপাত্র আমজাদ ভাট্টি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা শেষে এএফপিকে তা নিশ্চিত করেছেন। ভাট্টি জানান, দেশের সামগ্রিক নিরাপত্তা ইস্যুর কথা বিবেচনা করে এই সিরিজটি স্থগিত করা হয়েছে।

এপ্রিলে লাহোর এবং করাচিতে পাকিস্তানের বিপক্ষে চারটি একদিনের আর্ন্তজাতিক ম্যাচ খেলার কথা ছিল আফগানিস্তানের। এরপর পাকিস্তান ‘এ’ দলের সঙ্গে একটি টেস্ট ম্যাচও খেলার কথা ছিল আফগানদের।

২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট টিম বাসের উপর সন্ত্রাসী হামলার পর বড় কোনো টেস্ট খেলুড়ে দেশ পাকিস্তানে সফর করে নি। পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গেও বেশ কয়েকবার আলোচনা করলেও টাইগারদের পাকিস্তান সফর সম্ভব হয়নি।

গত বছর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লাহোরে জিম্বাবুয়ে ক্রিকেট দল একটি ওয়ানডে সিরিজ খেলে এসেছে।

 

এমআইএস।