ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্টে দ্বিতীয় দিনের খেলা শেষ। বাংলাদেশের জন্য আক্ষেপ হয়ে থাকল ওপেনার সৌম্য সরকারের উইকেটটি।

দিনের খেলা শেষ হওয়ার মাত্র ২ ওভার বাকি থাকতে আউট হন সৌম্য। এ বাম-হাতি ওপেনার ১৫ রান করে উমেশ যাদবের বলে ঋদ্ধিমান শাহ'র হাতে ধরা পড়েন।

দ্বিতীয় দিনে ১৪ ওভার খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। তাতে স্কোর বোর্ডে টাইগারদের সংগ্রহ ১ উইকেটে ৪১ রান। তামিম ইকবাল ২৪ এবং মুমিনুল হক ১ রানে অপরাজিত আছেন।

এর আগে শুক্রবার দ্বিতীয় দিনে ৬ উইকেটে ৬৮৭ রান সংগ্রহ করে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে স্বাগতিক ভারত।

দলের পক্ষে বিরাট কোহলি ২০৪, মুরালি বিজয় ১০৮, ঋদ্ধিমান শাহ ১০৬, চেতেশ্বর পূজারা ৮৩, আজিঙ্কা রাহানে ৮২ এবং রবিন্দ জাদেজা ৬০ রান করেন।

বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম ৩টি, মেহেদী হাসান মিরাজ ২টি এবং তাসকিন আহমেদ ১টি উইকেট লাভ করেন।

এর আগে বৃহস্পতিবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক ও উইকেটরক্ষক), সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বি।

ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতশ্বর পুজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কে রাহানে, উমেস যাদব, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবিন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা ও ভুবনেশ্বর কুমার।

এমবি