পয়েন্ট টেবিলে নিজের অবস্থান শক্ত করতে লড়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দলগুলো। বাংলাদেশি খেলোয়াড়দের নৈপুণ্যে গতকাল সিলেট সিক্সারসের বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে রাজশাহী কিংস। আজ দিনের প্রথম খেলায় পয়েন্ট তালিকার শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে আবারও মাঠে নামবে ড্যারেন স্যামির রাজশাহী। জিতলে ঢাকা ও সিলেটের সঙ্গে ১ পয়েন্টের দূরত্বে পৌঁছে যাবে তাঁরা।

টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। ঢাকা ডায়নামাইটসের প্রধান শক্তি তাদের ৫ বিদেশি খেলোয়াড়। ক্যামেরন ডেলপোর্টের জায়গায় দলে ঢুকেছেন কুমার সাঙ্গাকারা। সাকিব-নারাইন-আফ্রিদির স্পিন আক্রমণে টুর্নামেন্টের প্রায় সব দলকেই ভুগিয়েছে গতবারের চ্যাম্পিয়নরা। অন্যদিকে ধীরে ধীরে দলীয় ছন্দ ফিরে পাচ্ছে রাজশাহী। দলের হয়ে দেশি খেলোয়াড়রা নিয়মিতই নৈপুণ্য দেখাচ্ছেন। আজও তেমন কিছুরই অপেক্ষায় রাজশাহীর ফ্র্যাঞ্চাইজিটি।

ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটামুটি দারুণ করেছে ঢাকা। ২ ওভারেই ২৭ রান তুলে ফেলেছে তারা। মিরাজের প্রথম ওভারেই (ইনিংসের দ্বিতীয় ওভারে) এসেছে ১৬ রান।

আজ দুই দলে যারা যারা খেলছেন:
ঢাকা ডায়নামাইটস: সাকিব আল হাসান (অধিনায়ক), শহীদ আফ্রিদি, সুনীল নারাইন, কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, সাদ্দাম হোসেন, মোসাদ্দেক হোসেন, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম (উইকেট রক্ষক), নাদিফ চৌধুরী ও কাইরন পোলার্ড।

রাজশাহী কিংস: ড্যারেন স্যামি (অধিনায়ক), মুমিনুল হক, রনি তালুকদার, মুশফিকুর রহিম (উইকেট রক্ষক), ফরহাদ রেজা, সামিত প্যাটেল, মেহেদী হাসান মিরাজ, জাকির হাসান, জেমস ফ্র্যাঙ্কলিন, হোসেন আলী, হাবিবুর রহমান।