লা লিগায় পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। রোববার ন্যু কাম্পে বাংলাদেশ সময় রাত দুইটায় শুরু হবে এল ক্লাসিকোর লড়াই।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মাঠে ৩-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এবার নিজেদের মাঠে প্রতিশোধ নেয়ার সুযোগ পাচ্ছে তারা। সেই সঙ্গে শিরোপাটিও অনেকটা নিশ্চিত করার সুযোগ থাকছে মেসিদের। রিয়ালের চেয়ে ১ পয়েন্ট এগিয়ে থেকে শীর্ষে আছে তারা।
২০১৫ সালের শুরু থেকে পথ হারানো রিয়াল সব প্রতিযোগিতা মিলে তাদের শেষ ১৬ ম্যাচের পাঁচটিতে হেরেছে। এর মধ্যে কোপা দেল রে'র দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় তারা। লিগের শীর্ষস্থানও হারায় স্পেনের সফলতম ক্লাবটি।
এদিকে টানা ৬ ম্যাচ জেতা বার্সেলোনা আছে দুর্দান্ত ফর্মে। শেষ ১৮ ম্যাচের ১৭টিতে জেতা ক্লাবটি স্প্যানিশ কাপের ফাইনালে উঠেছে। গত বুধবার রাতে ম্যানচেস্টার সিটিকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালে পৌঁছায় তারা। আর সম্প্রতি রিয়ালকে হটিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষে উঠেছে কাতালানিয়া ক্লাবটি।
জেডআই





