লা লিগায় টানা তিন ম্যাচ হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বার্সেলোনা। বুধবার রাতে দেপোর্তিভো লা করুনাকে ৮-০ গোলে বিধ্বস্ত করেছে কাতালানরা।
বার্সেলোনার ঘুরে দাড়ানোর এ ম্যাচে একাই চার গোল করেছেন লুইস সুয়ারেজ। আর এই কীর্তির মাধ্যমে তিনি জায়গা করে নিলেন রেকর্ডের পাতায়। স্প্যানিশ লা লিগার ইতিহাসে এমন কীর্তি আগে কেউ কখনও করতে পারেননি।
নিজে চার গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও তিনটি গোল। তার মানে ম্যাচে আট গোলের সাতটিতে রয়েছে তার অবদান।
আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার হয়ে ৪৯টি গোল করেছেন এই উরুগুয়ের স্ট্রাইকার। এক মৌসুমে ৪৭ গোল করা দলটির ব্রাজিলিয়ান সাবেক কিংবদন্তি রোনালদোকে পেছনে ফেলেছেন তিনি।
রোনালদো ১৯৯৬-৯৭ মৌসুমে এই কীর্তি গড়েছিলেন। আর সুয়ারেজ পাঁচ ম্যাচ বাকি থাকতেই রেকর্ডটি ছুঁয়ে ফেললেন। তবে সুয়ারেজ এখনও এক মৌসুমে সর্বোচ্চ গোল করা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি থেকে বেশ দূরেই রয়েছেন। ২০১১-১২ মৌসুমে মেসি বার্সার হয়ে ৭৩টি গোল করেছিলেন।
এআই





