শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের দ্বিতীয় দিনও নিজেদের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দিন শেষে ৪২৫ রানে এগিয়ে আছে তারা। প্রথম দিনে এলগারের সেঞ্চুরিতে দাপট দেখিয়েছিল সফরকারীরা।

বৃহস্পতিবার টেস্টের দ্বিতীয় দিনে ২৬৮ রান নিয়ে খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। হাতে ছিল ৫ উইকেট। এদিন ১৭ রান নিয়ে খেলা শুরু করা ডি কক ৫১ রান করে আউট হন। তবে দলের হাল ধরেন জেপি ডুমিনি। দেখতে দেখতে টেস্ট ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। তার সেঞ্চুরিতে ভর করে নয় উইকেটের বিনিময় ৪৫৫ রান সংগ্রহ করে প্রথম ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ১০০ রান নিয়ে অপরাজিত থাকেন ডুমিনি।

শ্রীলঙ্কার বোলার দিলরুবান পেরেরা চারটি ও সুরাঙ্গা লাকমাল তিনটি উইকেট পান।

দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হওয়ার পর ব্যাট হাতে ক্রিজে নামেন শ্রীলঙ্কার কৌসল সিলভা ও উপল থ্যারাঙ্গা। তারা দু'জনই এদিন অপরাজিত থাকেন। ফলে বিনা উইকেটে ৩০ রান সংগ্রহ করে লঙ্কানরা। তবে এখনও ৪২৫ রানে পিছিয়ে আছে তারা।

ঢাকা, ১৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই