নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট তো দূরে থাক, কোনো ফরম্যাটেই জয় পায়নি বাংলাদেশ। এমনকি পাত্তাও পায়নি কিউইদের কাছে। নিউজিল্যান্ডের মাটিতে ৯ টেস্টের সবকটাতেই হেরেছিল টাইগাররা। তাই বড় প্রত্যাশাটা না আসাই স্বাভাবিক। কিন্তু হচ্ছে উল্টো, তরুণদের পারফর্ম আশা দেখাচ্ছে বাংলাদেশকে।

এর আগে ২০১৭ সালে ওয়েলিংটনে প্রথম ইনিংসে ৫৯৫ রান করে লিড নিয়ে ইনিংস ঘোষণা করলেও হারতে হয় বাংলাদেশকে। সেসব থেকে শিক্ষা নিয়ে এবার ভালো ফলাফলের প্রত্যাশা দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের।

“আমরা টিকে থাকতে চাই, ভালো করতে চাই। জিততে যদি নাও পারি আমরা এই টেস্ট ড্র করতে চাই। এখনও ১৮০ ওভার বাকি আছে। এই উইকেটে তাড়াতাড়ি রান করা কঠিন হবে, যদি ভালো বল করি।”

তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪০১ রান। কিউইদের ৩২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে টাইগাররা লিড নিয়েছে ৭৩ রানের। বড় লিড নিতে হলে চতুর্থ দিনের সকালটাকে জরুরি মনে করছেন খালেদ মাহমুদ।

“কালকের সকালটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে ৪ উইকেট আছে। মিরাজ ও ইয়াসির আছে, ৭৩ রান লিড আছে। আরও ৭০ রানের মত লিড পেলে দেড় শ’ রানের মত লিড হবে। তখন আমরা ভালো অবস্থানে থাকব।”

২০১৭ তে লিড নিয়েও হারের সেই স্মৃতি টেনে খালেদ মাহমুদ বলেছেন, “আমি সবার সাথে আলাদাভাবে কথা বলি, চেষ্টা করি প্রেরণা দিতে। দলগতভাবে সবাইকে একটা কথাই বলেছিলাম, আমরা এখানে দশটা ম্যাচ খেলেছি। একবার ৫৯৫ করে ইনিংস ঘোষণা করেও হেরেছিলাম। আমি বলেছিলাম বারবার তো হারতে পারি না, একটা গ্রুপকে তো ভালো করতে হবে। এই গ্রুপটাই করতে পারি, প্রক্রিয়া যেন ঠিক থাকে, সাহস নিয়ে খেলতে পারি। এমন কোনো জুজু নেই যে পারব না। আমাদের আত্মবিশ্বাস ছিল আমরা পারব। এই মোটিভেশনই দেওয়ার চেষ্টা করেছি।”

এমআর