বৃষ্টিতে খেলা বন্ধ্। বৃষ্টি নামার আগে ৪৩.২ ওভারে ২ উইকেট হারিয়ে ওয়েষ্ট ইন্ডিজের সংগ্রহ ১৩৪ রান। বাংলাদেশের অভিষিক্ত ২ ক্রিকেটার শুভাগত হোম ও তাইজুল ইসলাম স্বাগতিকদের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়েছেন।

লাঞ্চের কিছু সময় পড়েই সাজঘরের পথ ধরেছেন ওয়েস্ট ইন্ডিজের ড্যাশিং ওপেনার ক্রিস গেইল। বাংলাদেশের ডেব্যুটেন্ট অলরাউন্ডার শুভাগত হোমের বলে এলবিডব্লিউ হয়েছেন গেইল। ঠিক এর কিছুক্ষণ পরই মুমিনুল হকের তালুবন্দী হয়ে সাজঘরে ফিরেছেন ক্রিক এডওয়ার্ডস। তিনি ১০ রান করে তাইজুলের শিকারে পরিণত হন।

গেইল তার ক্যারিয়ারের ৩৭ তম হাফসেঞ্চুরি পূর্ণ করার পর ক্রিস ব্রার্থহোয়াইটও তার ৬ষ্ট হাফসেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেছেন। গেইল আউট হওয়ার মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ দাঁড়িয়েছে ১ উইকেট হারিয়ে ১১৬ রান। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ওয়েস্ট ইন্ডিজ কোনো উইকেট না হারিয়ে ১০৩ রান সংগ্রহ করেছিল।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টটি সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে শুরু হয়েছে বাংলাদেশ সময় শুক্রবার রাত ৮টায়। ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। এই ম্যাচে বাংলাদেশ দলে যুক্ত হয়েছে ২ নতুন মুখ। টেস্ট অভিষেক হয়েছে শুভাগত হোম এবং বোলার তাইজুল ইসলামের।

অভিষিক্ত তাইজুল ১৯টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৯১টি উইকেট শিকার করেছেন। ব্যাট হাতে করেছেন ৩৪৩ রান। অন্যদিকে, শুভাগত হোম ৩৪টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২০১১ রান করেছেন। তার সর্বোচ্চ সংগ্রহ হার না মানা ১৬৬ রান। এই ৩৪টি প্রথম শ্রেণীর ম্যাচে বল হাতে ৪৬ উইকেটও নিয়েছেন শুভাগত হোম।

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের একটি ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ। তবে টেস্ট সিরিজে ভাল করতে বদ্ধ পরিকর মুশফিকরা। ব্যাটসম্যানদের উপরই মূল ভরসা থাকছে বাংলাদেশের।

সেন্ট ভিনসেন্টে টেস্ট জয়ের কোনো সুখস্মৃতি নেই ওয়েস্ট ইন্ডিজের। আর টেস্ট ক্রিকেটে এখান থেকেই জয়যাত্রা শুরু বাংলাদেশের। বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয় হয়েছিল এখানেই। বাংলাদেশ দল জিতেছিল ৯৫ রানের ব্যবধানে। ওই ম্যাচে সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি ও টেন ক্রিকেট।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, শামসুর রহমান, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, শুভাগত হোম, তাইজুল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ দল : দিনেশ রামদিন (অধিনায়ক), সোলেমান বিন, যারমেইন ব্লাকউড, ক্রিগ ব্রার্থহোয়াইট, ড্যারেন ব্রাভো, শিব নারায়ণ চন্দরপাল, ক্রিক এডওয়ার্ডস, স্যানন গ্রিবাইল, ক্রিস গেইল, কেমার রোচ, জেরম টেলর।

ঢাকা, ৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ