আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচটিই দখল করে নিয়েছে বৃষ্টি। ম্যাচের শুরুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ার ২৫ মিনিট দেরিতে খেলা শুরু হয়েছিল। প্রথম ইনিংসের ৩১.১ ওভার খেলা হওয়ার পর আবারও বৃষ্টির হানা।
এবার আর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নয়, রীতিমতো মূষলধারে বর্ষণ। প্রায় আড়াই ঘন্টা তুমুল বর্ষণের পর কমে আসলেও একেবারে বন্ধ হয়নি। তাই শেষ পর্যন্ত ম্যাটি পরিত্যক্ত ঘোষণা করা হলো। ১৪ মে রোববার দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক আয়ারল্যান্ড এবং নিউজিল্যান্ড।
ডাবলিনের ম্যালাহাইডে বৃষ্টির কারণে ২৫ মিনিট দেরিতে শুরু হওয়া ম্যাচে টসে জিতে বোলিং বেছে নেয় আয়ারল্যান্ড। শুরুতেই অগ্নমূর্তি ধারণ করেন পেসার পিটার চেইস। দলীয় ৮ রানেই তার বলে উইকেটকিপার নায়াল ও’ব্রায়েনের তালুবন্দী হন ৫ বলে ৭ রান করা সৌম্য সরকার।
এরপর বাজে শট খেলে কোনো রান না করেই প্যাভিলিয়নের পথ ধরেন সাব্বির রহমান। শিকারী সেই পিটার চেইস। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই হার্ডহিটার ব্যাটসম্যান।
৯ রানে ২ উইকেট হারানোর পর দলের হাল ধরেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল এবং ‘মি ডিপেন্ডেবল’খ্যাত মুশফিকুর রহিম। তবে বেশিক্ষণ দলকে ভরসা দিতে পারলেন না মুশি।
তৃতীয় উইকেটে তামিম ইকবালের সঙ্গে ৩৮ রানের জুটি গড়ার পর ম্যাকার্থির বলে উইলসনের তালুবন্দী হলেন ১৭ বলে ৩ বাউন্ডারিতে ১৩ রান করা মুশফিক। তামিমের নতুন সঙ্গী হলেন তার প্রিয়বন্ধু বিশ্বসেরা অলরাউন্ডার এবং আজকের ম্যাচের অধিনায়ক সাকিব আল হাসান।
কিন্তু দূর্ভাগ্য সম্ভবত এদিন জেঁকে বসেছে টাইগারদের ভাগ্যাকাশে। না হলে ১৬ বলে ২ বাউন্ডারিতে ১৪ রান করে সেই চেইসের বলে ও’ব্রায়ানের গ্লাভসে ক্যাচ দেবেন কেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব?
৭০ রানে চতুর্থ উইকেট পতনের পর তামিম ইকবালের সঙ্গে জুটি গড়েন কিছুদিন আগেও অফ ফর্মের কারণে সমালোচনায় বিদ্ধ হওয়া মাহমুদ উল্লাহ রিয়াদ। দুজনের জুটিতে শতরান পার করে বাংলাদেশ।
স্বভাববিরুদ্ধ ব্যাটিংয়ে ৭৬ বলে ৭ বাউন্ডারিতে ক্যারিয়ারের ৩৫তম হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম ইকবাল। এরপর সবাই যখন মাহমুদ উল্লাহর হাফ সেঞ্চুরির প্রতীক্ষায় আছে, তখনই মাঠের দখল নিল বৃষ্টি! খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত দুজন মিলে পঞ্চম উইকেটে ৮৭ রান যুক্ত করেছেন।
বাংলাদেশের রান ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৭। তামিম ৮৮ বলে ৮ বাউন্ডারিতে ৬৪ এবং রিয়াদ ৫৬ বলে ৪ বাউন্ডারি এবং ১ ওভার বাউন্ডারিতে ৪৩ রানে অপরাজিত। বল হাতে পিটার চেইস ৩৩ রানে ৩টি এবং ব্যারি মাকার্থি ৪৩ রানে ১ উইকেট নিয়েছেন।
নিষেধাজ্ঞার কারণে আজ খেলতে পারছেন না মাশরাফি বিন মুর্তজা। তার পরিবর্তে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, সাকিব আল হাসান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।
আয়ারল্যান্ড দল : পল স্টার্লিং, উইলিয়াম পোর্টারফিল্ড (অধিনায়ক), নীল ও’ব্রায়েন (উইকেটরক্ষক), অ্যান্ড্রু বালবিরনি, স্টুয়ার্ট থম্পসন, গ্যারি উইলসন, কেভিন ও’ব্রায়েন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাককার্থি, টিম মুরতাগ ও পিটার চেস।
এমবি





