বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফিকে বীরোচিত সংবর্ধনা দিয়েছে নড়াইলবাসী। নড়াইল শহর বিভিন্ন ধরনের তোরণ, ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড দিয়ে শহরকে সাজানো হয়েছে অপরূপ সাজে। জেলা ক্রীড়া সংস্থার আযোজনে প্রাণ ফ্রুটো’র সহযোগিতায় মাশরাফিকে দেয়া হয় এ বীরোচিত সংবর্ধনা।

মঙ্গলবার বিকালে নিজ জন্মভূমি নড়াইল তাকে এই সংবর্ধনা দেওয়া হয় ।

বিকালে মাশরাফি হেলিকপ্টারে করে নড়াইল এসে শহরের কুড়িরডোবা মাঠে নামেন। সেখান থেকে একটি খোলা জিপে করে মাশরাফিকে নেয়া হয় সংবর্ধনাস্থল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে। সাথে ছিল হাতি, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, মোটরসাইকেল শোভাযাত্রা, মাইক্রো ও প্রাইভেটকার।

হাজার হাজার মাশরাফি ভক্ত ৩ কিলোমিটার সড়কের দু’পাশে দাঁড়িয়ে হাত নেড়ে হাততালি দিয়ে তাকে শুভেচ্ছা জানান। নিজেও তার ভক্তদের হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন।

মাশরাফি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সংবর্ধনা অনুষ্ঠানে পৌঁছালে উপস্থিত সকলে তাকে অভিনন্দন জানান।

জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

জেলা প্রশাসক আব্দুল গাফফার খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
জেআই