করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সেই কারণে কাতারের রাজধানী দোহায় একটি হোটেলে আইসোলোশনে ছিলেন এতদিন। আশার কথা, এই মিডফিল্ডার এখন করোনাভাইরাস মুক্ত হয়েছেন।
গতকাল (১৯ ডিসেম্বর) শনিবার করোনা পরীক্ষা করে নেগেটিভ ফল পেয়েছেন জামাল। এখন শিগগিরই তার বাংলাদেশে ফেরার কথা। এমনটি জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
গত ০৪ ডিসেম্বর বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে স্বাগতিক কাতারের বিপক্ষে ০-৫ গোলে হারে বাংলাদেশ। এই ম্যাচে অংশ নেন জামাল ভূঁইয়া।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বলেছিলেন, “৫ ডিসেম্বর দেশের উদ্দেশ্যে দোহা ত্যাগ করে বাংলাদেশ দল। তখন জামাল ভূঁইয়ার শরীরে হালকা জ্বর ছিল। এ কারণে তিনি সেখানে থেকে যান। পরে করোনা পরীক্ষায় ফল পজিটিভ আসে।”
এখন করোনা মুক্ত হয়ে মাঠে ফেরার অপেক্ষায় এই তারকা মিডফিল্ডার। আগামী এপ্রিল পর্যন্ত জামালের খেলার কথা ভারতের আই-লিগে। সেখানে কলকাতা মোহামেডানের হয়ে মাঠে নামার কথা তার।
জামাল নিজেও সেখানে খেলার জন্য উদগ্রীব হয়ে আছেন। আগেই বলেছিলেন, কলকাতা মোহামেডান তাকে চায়। তাই যত দ্রুত সম্ভব পুরোপুরি সুস্থ হয়ে কলকাতা যেতে মুখিয়ে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক।
এমবি





