বিশ্বকাপ দলে যোগ দিতে সোমবার রাতেই ঢাকা ছাড়ছেন বাংলাদেশের পেসার শফিউল ইসলাম। শৃঙ্খলা ভঙ্গের দায়ে আল আমিন দল থেকে বাদ পড়ায় বিশ্বকাপে খেলার সুযোগ পেলেন এই পেসার।
টিম ম্যানেজারকে না জানিয়ে গভীর রাতে হোটেলের বাইরে অবস্থান করায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আল আমিনকে দল থেকে বাদ দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরপর স্টান্ড বাই হিসেবে থাকা শফিউলকে দলে নেয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আবেদন করে বিসিবি। আইসিসি অনুমতি দেয়ায় শফিউলকে দলে নেয়ায় আর কোনো বাধা থাকল না।
দলে যোগ দেয়ার জন্য সোমবারই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হচ্ছেন বাংলাদেশের এই পেসার। এদিকে দেশে ফিরে আসতে ইতোমধ্যে অস্ট্রেলিয়া ছেড়েছেন আল আমিন।
২৬ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল টাইগাররা। আর দ্বিতীয় ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট পেয়েছে মাশরাফিরা।
জেডআই





