নিজেদের মাঠে বাংলাদেশ সময় বুধবার সকালে অনুষ্ঠিত এই ম্যাচে পর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের আর দুই রাউন্ড বাকি থাকতে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্জেন্টিনা। আগের ম্যাচে চিলি হেরে না গেলে ষষ্ঠ স্থানে নেমে যেত হোর্হে সাম্পাওলির দল।
দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। পঞ্চম স্থানের দলকে বিশ্বকাপের টিকিট পেতে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের শীর্ষ দলের সঙ্গে।
তাই জয়ের খোঁজে মরিয়া সাম্পাওলির আক্রমণভাগে ম্যাচের শুরু থেকেই ছিলেন লিওনেল মেসি, অ্যাঙ্গেল ডি মারিয়া, ইকার্দি ও পাওলো দিবালার মতো পরীক্ষিত তারকারা। তাদের বল জোগাতে মাঝমাঠে ছিলেন এভার বানেগা। আর্জেন্টিনা অবশ্য প্রথমার্ধে তিনটি দারুণ সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। বঞ্চিত করেছেন তরুণ গোলরক্ষক ফারিনেজ। চতুর্থ মিনিটে মাসচেরানোর দারুণ পাস থেকে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন ইকার্দি। কিন্তু ফারিনেজের পা ঠেকিয়ে দেয় বল। ইকার্দিকে আরও একবার বঞ্চিত করেছেন ফারিনেজ। এবার দারুণ ক্রস ছিল ডি মারিয়ার
বাঁ প্রান্তে দুর্দান্ত খেলতে থাকা ডি মারিয়া প্রথমার্ধেই মাঠ ছেড়ে উঠে যেতে বাধ্য হন পায়ের পেশিতে টান পড়ায়। এবার মেসি নেন ভূমিকা। কিন্তু বক্সের সামান্য বাইরে থেকে নেওয়া তাঁর আগুনে শট ডানে পুরোটা ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন ফারিনেজ। গোলশূন্য প্রথমার্ধের হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণের ধার বেড়ে যায় স্বাগতিকদের। কিন্তু ছয় মিনিটের মধ্যেই খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসেন মেসিরা। আর্জেন্টিনার আক্রমণ থেকে বল পেয়ে পাল্টা আক্রমণে গিয়েছিল ভেনেজুয়েলা। সামনে এগিয়ে আসা আর্জেন্টিনা গোলরক্ষক রোমেরোর মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে মনুমেন্টাল স্টেডিয়ামের গ্যালারি স্তব্ধ করে দেন ভেনেজুয়েলা উইঙ্গার জন মুরিল্লো।
চার মিনিট পরই ভেনেজুয়েলা ডিফেন্ডার রফল ফেলশারের ‘আত্মঘাতী’ গোলে সমতায় ফেরে আর্জেন্টিনা। ডি মারিয়ার বদলি হিসেবে মাঠে নামা আকুনিয়া বাঁ প্রান্ত থেকে ক্রস বাড়ান বক্সে। ইকার্দির ভলি ‘ক্লিয়ার’ করতে গিয়ে ফেলশার বল জড়ান নিজেদের জালে। আর্জেন্টিনার সামনে তখনো ছিল ৪০ মিনিট। কিন্তু জয়সূচক গোলের দেখা আর পেলেন না মেসিরা।
এর আগের ম্যাচে ১-১ গোলে ড্র করে ব্রাজিল-কলম্বিয়া। বাছাইপর্ব পেরিয়ে সবার আগে বিশ্বকাপে ওঠা ব্রাজিলের পয়েন্ট ১৬ ম্যাচে ৩৭। ২৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে কলম্বিয়া।
দিনের শেষ ম্যাচে প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়ে ২৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে উরুগুয়ে।
দিনের প্রথম ম্যাচে একুয়েডরকে ২-১ গোলে হারানো পেরু আর্জেন্টিনার সমান ২৪ পয়েন্ট নিয়ে বেশি গোল করার সুবাদে চতুর্থ স্থানে আছে।
পয়েন্ট টেবিলের নিচের দিকের দল বলিভিয়ার মাঠে ১-০ গোলে হেরে গেছে চিলি। ১৬ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে টানা দুবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
এমএ





