বাংলাদেশ ও ভারতের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচে বৃষ্টির কারণে সময় শেষ হওয়ার আগে তৃতীয় দিনের খেলা সমাপ্তি ঘোষণা করা হয়েছে। এর আগে ৬ উইকেটের বিনিময় ৪৬২ রান সংগ্রহ করেছে ভারত।

শুক্রবার চা-বিরতির ঠিক আগ মূর্হুতে বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ হয়ে যায়। এসময় ভারতের সংগ্রহ ছিলো ৬ উইকেটে ৪৬২ রান। ফলে নির্ধারিত সময়ের আগেই চা-বিরতির ডাক দেন ম্যাচের দু’আম্পায়ার শ্রীলংকার কুমার ধর্মসেনা ও ইংল্যান্ডের নাইজেল লং। পরে বৃষ্টির মাত্রা বেড়ে গেলে দিনের সমাপ্তি ঘোষণা করেন তারা।

২৩৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। হাতে ছিল ১০টি উইকেট। কিন্তু সাকিব ঘুর্ণিতে বেশ দ্রুতই উইকেট হারায় তারা।

দলীয় ২৮৩ রানে প্রথম উইকেট হিসেবে মাঠ থেকে বিদায় নেন শিখর ধাওয়ান। ব্যক্তিগত ১৭৩ রান করে তার বিদায়ের পর দলের রানের খাতায় আর ২৭ রান যোগ হতে বিদায় নেন রোহিত শর্মা (৬) ও বিরাট কোহলি (১৪)। প্রথম দুটি উইকেট পান সাকিব আর বিরাটকে বিদায় করেন জুবায়ের।

আজিঙ্কায় রাহানে ও মুরালি বিজয় দলের হাল ধরেন। এই জুটিকেও ভেঙে দেন সাকিব। ১৫০ রান করা বিজয়কে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলেন তিনি।

ক্রিজে এসে ৬ রান করতেই জুবায়েরের শিকারে পলিণত হন বৃদ্ধিমান সাহা। পরের ওভারে সাকিবের বলে সরাসরি বোল্ড হয়ে বিদায় নেন ৯৮ রান করা রাহানে। অশ্বিন ২ রান ও হরভজন ৭ রান নিয়ে অপরাজিত আছেন।

বাংলাদেশের পক্ষে ৪ উইকেট শিকার করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া লেগ-স্পিনার জুবায়ের হোসেন নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর :

ভারত প্রথম ইনিংস : ৪৬২/৬, ১০৩.৩ ওভার (শিখর ধাওয়ান ১৭৩, মুরালি বিজয় ১৫০, আজিঙ্কা রাহানে ৯৮, সাকিব আল হাসান ৪/১০৫, জুবায়ের হোসেন ২/১১৩)।

জেডআই