প্রথম ম্যাচে বড় জয় পেলেও হারারেতে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের কাছে হেরে গেছে বাংলাদেশ। ২৩ রানের ব্যবধানে পাওয়া জয়ে সিরিজে সমতা নিয়ে এল স্বাগতিক দল। বাংলাদেশ হেরে গেলেও অভিষেকে আলো ছড়িয়েছেন তরুণ অলরাউন্ডার শামীম হোসেন পাটোয়ারি, যদিও তা দলকে জয় এনে দিতে পারেনি।
শুক্রবার (২৩ জুলাই) টস জিতে ব্যাট করতে নেমে জিম্বাবুয়ে জড়ো করে ১৬৬ রান, ৬ উইকেট হারিয়ে। ওয়েসলে মাধেভেরে ও রায়ান বার্লের ঝড়ো ব্যাটিং বেশ ভুগিয়েছে বাংলাদেশকে।
মাধেভেরে ৫৭ বলের মোকাবেলায় ৫টি চার ও ৩টি ছক্কায় ৭৩ রান করেন। ক্রিজে নামার পর বার্ল ইনিংসের দেখভাল করেছেন শেষপর্যন্ত। ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন তিনি, হাঁকান দুটি করে চার-ছক্কা।
বাংলাদেশের পক্ষে তিনটি উইকেট শিকার করেন শরিফুল ইসলাম। ৩৩ রান খরচ করলেও এবারই প্রথম পান ৩ উইকেটের দেখা। একটি করে উইকেট শিকার করেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৪ রানে নাঈম শেখকে হারায় বাংলাদেশ। ১৭ রানে সাজঘরে ফেরেন সৌম্য সরকারও। আগের দিনের দুই নায়ককে হারালে স্বভাবতই চাপে পড়ে যায় টাইগাররা। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদরা সেই চাপ সামলাতে ব্যর্থ হন। নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ পেয়েও মেহেদী হাসান ও নুরুল হাসান সোহান প্রতিরোধ গড়তে পারেননি।
৬৮ রানে ৬ উইকেট পড়ার পর জিম্বাবুয়ের বোলারদের দুশ্চিন্তার কারণ হয়ে ওঠেন আফিফ হোসেন ধ্রুব ও অভিষিক্ত শামীম হোসেন পাটোয়ারি। ক্রিজে এসেই ধুন্ধুমার ব্যাটিং শুরু করেন শামীম। ১৩ বলে ২৯ রান করে সাজঘরে ফেরার আগে হাঁকান ৩টি চার ও ২টি ছক্কা।
শেষপর্যন্ত শামীমই ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার। আফিফ হোসেন ধ্রুব ২৪ রান করেন ২৫ বলের মোকাবেলায়। মোহাম্মদ সাইফউদ্দিন সাজঘরে ফেরার আগে ১৫ বল খেলে করেন ১৯ রান। ১৯.৫ ওভারে সবকয়টি উইকেট হারিয়ে বাংলাদেশের ইনিংস থামে ১৪৩ রানে। এতে জিম্বাবুয়ে পায় ২৩ রানের জয়। বাংলাদেশের পক্ষে অন্যান্যদের মধ্যে শেখ মেহেদী হাসান ১৫ ও সাকিব আল হাসান ১২ রান করেন।
বাংলাদেশের ৯ ব্যাটসম্যানই সাজঘরে ফেরেন ক্যাচ আউট হয়ে। জিম্বাবুয়ের পক্ষে ওয়েলিংটন মাসাকাদজা ও লুক জংওয়ে তিনটি করে উইকেট শিকার করেন। দুটি করে উইকেট পান টেন্ডাই চাতারা ও ব্লেসিং মুজারাবানি।বিডিক্রিকটাইম
সংক্ষিপ্ত স্কোর
টস: জিম্বাবুয়ে
জিম্বাবুয়ে: ১৬৬/৬ (২০ ওভার)
মাধেভেরে ৭৩, বার্ল ৩৪*, মায়ার্স ২৬
শরিফুল ৩৩/৩, মেহেদী ১১/১, সাকিব ৩২/২
বাংলাদেশ: ১৪৩/১০ (১৯.৫ ওভার)
শামীম ২৯, আফিফ ২৪, সাইফউদ্দিন ১৯
মাসাকাদজা ২০/৩, জংওয়ে ৩১/৩
ফল: জিম্বাবুয়ে ২৩ রানে জয়ী।
এমবি





