২০১৪ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচেই নাস্তানাবুদ হয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টে একদিন হাতে থাকতেই এক ইনিংস ও ২৪৮ রানে হেরেছে মুশফিকরা। এবার ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আগামীকাল মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামছে তারা। বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় খেলাটি শুরু হবে।
প্রথম টেস্টে বড় ব্যবধানে পরাজয়ের পর আগামীকাল চট্টগ্রামে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেষ্টে শ্রীলংকার বিপক্ষে অলরাউন্ড নৈপুণ্যের মাধ্যমে ঘুরে দাঁড়াতে চায় স্বাগতিক বাংলাদেশ। গত সপ্তাহে ঢাকা টেস্টে ব্যাটিং সহায়ক পিচে শ্রীলংকার ৬ উইকেটে ৭৩০ রানে ইনিংস ঘোষণার পর মাত্র ২৩২ ও ২৫০ রান সংগ্রহ করতে পারায় ইনিংস ও ২৪৮ রানে পরাজিত হয় স্বাগতিকরা।
মাহেলা জয়াবর্ধনের অপরাজিত ডাবল সেঞ্চুরি এবং অপর দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির ফলে টেস্ট ইতিহাসে নিজেদের সর্বোচ্চ রানের নিচে চাপা পড়ে বাংলাদেশ।
বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন তার দল প্রথম টেস্টের খারাপ ফলকে পিছনে ফেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ভাল পিচে ভাল ক্রিকেট খেলতে চায়।
সাকিব বলেন, ‘ঢাকা টেস্টের পর তারা সকলেই কিছুটা হতাশ ছিলেন তবে এখন তারা পরবর্তী ম্যাচে ভাল করতে চান। একটা খারাপ ম্যাচ যেতেই পারে তবে আগামী ম্যাচটিই গুরুত্বপূর্ণ।’
‘অতীতেও আমরা এমন খারাপ অবস্থার মধ্য দিয়ে এসেছি সুতরাং আমাদের এমন অভিজ্ঞতা আছে। তবে সব ক্ষেত্রেই বিশেষ করে ফিল্ডিংয়ে আমাদের উন্নতি ঘটাতে হবে।’
সাকিব বলেন জয়াবর্ধনেসহ হাই স্কোর করা লংকা খেলোয়াড়দের ক্যাচ আমরা মিস করেছি স্টাম্পিং করতে ব্যর্থ হয়েছি।
তিনি বলেন, ‘আমরা সুযোগ নিতে ব্যর্থ হয়েছি এবং তারা ৫০০’র বেশি রান করতে পেরেছে। ৫০০ এবং ৭০০’র বিস্তর ব্যবধান। এই অতিরিক্ত রান করাটাই আমাদের জন্য কঠিন হয়ে পড়েছিল।’
শ্রীলংকার বর্ষীয়ান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা বলেছেন দলের কাছ থেকে আরো একটি ম্যচ জয়ী পারফরমেন্স প্রত্যাশা করছেন তিনি । তবে জয়ের নিশ্চয়তা দিতে অস্বীকার করেন তিনি।
সাঙ্গাকারা বলেন,‘ বাংলাদেশ সব সময়ই আমাদের বিরুদ্ধে ভাল খেলে। শ্রীলংকার মাটিতে তারা আমাদের বিপক্ষে ভাল লড়াই করেছে এবং ওয়ানডে সিরিজে আমরা ড্র করতে সক্ষম হয়েছি।’
‘এখানেও তারা ভাল করবে বলে আমরা ধারনা করছি। প্রথম ম্যাচে ধারনার চেয়েও সহজ জয় আমরা পেয়েছি। তবে এখানে ভিন্ন কিছু হবে বলে আমরা ধারনা করছি।’
সাঙ্গাকারা বলেন, পিচ ফাস্ট বোলিং সহায়ক হলে এখানেও আমার শর্ট পিচ বলে বাংলাদেশী ব্যাটসম্যানদের পরীক্ষা নেব।
তিনি বলেন, এখানকার উইকেট ঢাকার চেয়ে আলাদা। তবে এখানেও শর্ট বল কার্যকর হতে পারে। আমাদের মুল বিষয় ঠিক থাকলে এখানেও আমরা ভাল করবো।
এ পর্যন্ত ১৫ টেষ্টের মধ্যে বাংলাদেশের বিরুদ্ধে ১৪টিতে জয়ী হয়েছে শ্রীলংকা। যার মধ্যে ৮টিতে ইনিংস পরাজয় ঘটেছে বাংলাদেশের। একটি মাত্র টেস্টে ড্র করতে পেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ দল (সম্ভাব্য) : মুশফিকুর রহিম(অধিনায়ক), তামিম ইকবাল, মার্শাল আইউব, সাকিব আল হাসান, নাসির হোসেন, মোমিনুল হক, শামসুর রহমান, মোহাম্মদ মাহমুদুল্লাহ, ইমরুল কায়েস, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, রবিউল ইসলাম, রুবেল হোসেন, আল-আমিন হোসেন।
শ্রীলংকা দল (সম্ভাব্য) : অ্যাঞ্জেলো ম্যাথুজ (অধিনায়ক), দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, কৌশল সিলভা, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, খিথুরুয়ান ভিথানাগে, রঙ্গনা হেরাথ, দিলরুবান পেরেরা, সুরাঙ্গ লাকমাল, শামিন্দা এরাঙ্গা, সুয়ান প্রদীপ, বিশ্বফার্নান্দো, অজান্তা মেন্ডিজ।
ঢাকা,৩ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই