অস্ট্রেলিয়ার বিপক্ষে মান বাঁচানোর লড়াইয়ে বিকেলে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
টি- টোয়েন্টি বিশ্বকাপে সুপার রাউন্ডে একটি ম্যাচেও জয় নেই বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার।
কোয়ালিফাইং রাউন্ড পার করে আসা বাংলাদেশ প্রথম রাউন্ডে মাত্র দুটি ম্যাচে জয় পায়। হেরে যায় দূর্বল হংকংয়ের বিপক্ষে। অন্যদিকে অস্ট্রেলিয়া পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে।
কিন্তু জর্জ বেইলির দল সেই প্রচেষ্টাতেও ব্যর্থ হয়। দুই দলেরই কোনো জয় নেই। জয়ের ক্ষুধায় মগ্ন দুই দলই। তাইতো আজকের ম্যাচটি দুই দলের জন্যেই মুখ রক্ষার লড়াই।
এর আগে দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দুটিতেই অবশ্য জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই নিয়ে তৃতীয় বারের মতো বিশ্বকাপে লড়বে দল দুটি।
নিজেদের শেষ ম্যাচে মাঠে নামার আগের দিন দুই দল হোটেলে বিশ্রামে কাটিয়েছে। এদিন তাদের কোনো অনুশীলন ছিল না। তবে হোটেলে সুইমিং ও জিম করেছে তারা।
এদিকে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার ম্যাচ শেষে সন্ধ্যায় মিরপুর স্টেডিয়ামে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সেমিফাইনাল নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ডু অর ডাই পজিশনে দাঁড়িয়ে দুই দল। যেই দল জয় পাবে সেই দলের সেমিফাইনাল নিশ্চিত।
দুই দলই তিনটি করে ম্যাচ খেলেছে। একটি করে হারের পাশাপাশি দুটি ম্যাচে জয় পেয়েছে। সেমিফাইনালের দৌড়ে অঘোষিত ফাইনাল খেলবে এই দুই দল।
[b]ঢাকা,  এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]