দক্ষিণ কোরিয়ায় আসন্ন এশিয়ান গেমসে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের সেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। এদিকে আল আমিন হোসেনের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠায় দলে যুক্ত হয়েছেন রুবেল হোসেন।
আচরণগত সমস্যার জের ধরে সাকিবকে ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে তার আবেদনের প্রেক্ষিতে শাস্তি কমানো হয়। মঙ্গলবার শাস্তির মেয়াদ শেষ হয়ে যায়। ফলে ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসে খেলার সুযোগ পাচ্ছেন তিনি। এজন্য তাকে দলভুক্ত করা হয়েছে।
এদিকে আল-আমিনের বিরুদ্ধে আইসিসি অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগ আনায় তাকে পরীক্ষা দিতে যেতে হচ্ছে। সেক্ষেত্রে এশিয়ান গেমস খেলা হচ্ছে না তার। তার পরিবর্তে রুবেলকে দলে নেয়া হয়েছে।
গত মাসের ১৫ আগস্টে ঘোষিত হয়েছে এশিয়ান গেমসের দল। দলে নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিম ছাড়া ঘোষিত দলটি ভারসাম্যপূর্ণ বলা চলে। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন মুশফিকু। এশিয়ান গেমসে তিনি থাকবেন না; এটা আগে থেকেই ঠিক করা। মুশফিকের অনুপস্থিতিতে দল সামলাবেন মাশরাফি বিন মর্তুজা।
বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল : তামিম ইকবাল, এনামুল হক, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন আলী, শামসুর রহমান, শুভাগত হোম চৌধুরী, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাকিব আল হাসান, আরাফাত সানি, মাশরাফি বিন মর্তুজা, মোক্তার আলী, রুবেল হোসেন ও তাসকিন আহমেদ।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





