কটন গ্রুপ ৩০তম জাতীয় বয়সভিত্তিক সাঁতারের শেষ দিনে সাতটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। বুধবার মিরপুর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে ৪০০ মিটার ফ্রি স্টাইল ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে নয়ন আলী, ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে হিমেল মিয়া, ৫০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে সোনিয়া খাতুন, ১০০ মিটার ব্যাক স্ট্রোকে রাশেদা খাতুন, ২০০ মিটার আইএম ইভেন্টে মরিয়ম খাতুন ও ১০০ মিটার ফ্রি স্টাইলে জাহিদুল ইসলাম জাতীয় রেকর্ড গড়েছেন।

এদিন ১৩ থেকে ১৪ বৎসর বালক গ্রুপে ৪০০ মিটার ফ্রি স্টাইলে বগুড়া সুইমিং সেন্টারের নয়ন আলী ৪: ৪৭.৩২ মিনিটের নতুন রেকর্ড গড়েছেন। পুরনো রেকর্ড ছিল ৪:৪৫.৫০ মিনিটের। ১৩ থেকে ১৪ বৎসর গ্রুপে ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে বিকেএসপির হিমেল মিয়া ১:১৮.০২ মিনিটের পুরনো রেকর্ড ভেঙে ১:১৬.০৭ মিনিটে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

৫০ মিটার ফ্রি স্টাইলে ১৮ থেকে ২০ বৎসর যুবতী গ্রুপে ৩১.৯৮ সেকেন্ডের পুরনো রেকর্ড ভেঙে ৩১.৭৯ সেকেন্ডের নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বিকেএসপির সোনিয়া খাতুন।

১৩ থেকে ১৪ বৎসর বালক গ্রুপে ২০০ মিটার বাটার ফ্লাইয়ে ২:৩১.০২ মিনিটের পুরনো রেকর্ড ভেঙে ২:২৮.৩৯ মিনিটে নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বগুড়া সুইমিং ক্লাবের নয়ন আলী।

১০০ মিটার ব্যাক স্ট্রোকে ১১ থেকে ১২ বৎসর বালিকা গ্রুপে ১:২৭.২৭ মিনিটের পুরনো রেকর্ড ভেঙে ১:২৫.২৩ মিনিটের নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বাংলাদেশ আনসারের রাশেদা খাতুন।

১৮ থেকে ২০ বৎসর যুবতী গ্রুপে ২০০ মিটার ইন্ডিভিজয়াল মিডলেতে ২:৫৪.৪৪ মিনিটের পুরনো রেকর্ড ভেঙে ২:৪৮.৪০ মিনিটের নতুন জাতীয় রেকর্ড গড়েছেন বগুড়া সুইমিং সেন্টারের মরিয়ম খাতুন।

১৩ থেকে ১৪ বৎসর বালক গ্রুপে বিকেএসপির জাহিদুল ইসলাম ১:০০.৩৬ মিনিটের পুরনো রেকর্ড ভেঙে ১:০০.২৩ মিনিটের নতুন জাতীয় রেকর্ড গড়েছেন।

ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই