টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের শেষে ৬৬ রানে অপরাজিত থাকা সৌম্য সরকার আর ৫ রান যোগ করেই সুরাঙ্গা লাকমালের বলে আউট হয়ে ফিরেছেন। তিনি ৮টি চার ও ১টি ছয়ের মারে ৭১ রান করেছেন।
এরপর মুশফিকের সঙ্গে সাকিব যোগ দেন। তবে খুব বেশিক্ষণ তার উইকেটে থাকা হয়নি। ১৯ বলে ১টি চার ও ১টি ছয়ের মারে ২৩ রান তুলে সান্দাকানের বল উইকেটরক্ষকের হাতে জমা দিয়ে তিনি ফিরেছেন সাজঘরে।
সাকিবের বিদায়ের পর খুব দ্রুতই বিদায় নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও লিটন কুমার দাসও। মাহমুদউল্লাহ ৮ ও লিটন ৫ রান করেই ফিরেছেন সাজঘরে। ব্যাটসম্যানদের ধারাবাহিক আসা যাওয়াতে ব্যাটিং বিপর্যয়েই পড়েছে বাংলাদেশ।
মুশফিকের সঙ্গে এখন ক্রিজে যোগ দেন মেহেদী হাসান মিরাজ। তিনি এদিন বেশ ধীরস্থির ভাবেই খেলে চলছিলেন। তবে হাফ সেঞ্চুরি থেকে ৯ রান দূরে থাকতেই দিলরুয়ান পেরেরার বলে এলবিডব্লু’র ফাঁদে পড়েন এই স্পিন অলরাউন্ডার।
নবম ব্যাটসম্যান হিসেবে তাসকিন আহমেদ উইকেটে এসে প্রথম বলেই এলবিডব্লু’র শিকার হন। ব্যাটসম্যানদের ধারাবাহিক আসা-যাওয়ায় মুশফিক একাই দলকে টেনে নিচ্ছিলেন। তবে ৩০৮ রানে লঙ্কান অধিনায়ক রঙ্গনা হেরাথ সরাসরি বোল্ড করেন বাংলাদেশ অধিনায়ককে। আউট হওয়ার আগে মুশফিকের সংগ্রহ ৮টি চার ও ১টি ছয়ের মারে ৮৫ রান।
শেষ ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন মুস্তাফিজুর রহমান। সে স্কোরবোর্ডে ৪ রান যোগ করার পর বৃষ্টি আঘাত হানলে খেলা আপাতত বন্ধ রয়েছে।
এখন উইকেটে রয়েছেন শুভাশীষ রায় (০) এবং মুস্তাফিজ (৪)। আর বাংলাদেশের সংগ্রহ ৯ উইকেটে ৩১২ রান।
এর আগে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে স্বাগতিকদের করা ৪৯৪ রানের জবাবে বাংলাদেশের শুরুটা ভালোই হয়েছে। উদ্বোধনী জুটিতে শত রানের বেড়া ডিঙিয়েছিল মুশফিক রহিমের দল। দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার ব্যক্তিগত হাফসেঞ্চুরির দেখাও পান।
তবে দলকে শুভ সূচনা দিলেও ব্যক্তিগত ৫৭ রানে সাজঘরে ফিরতে হয়েছে তামিম ইকবালকে। রান আউটের শিকার হয়েছেন তিনি। বাংলাদেশের সংগ্রহ তখন ১১৮ রান।
এরপরই উইকেটে নেমে মাত্র ৭ রান যোগ করে পেরেরার এলবিডাব্লিউয়ের শিকার হয়েছেন মমিনুল হক। মমিনুলের বিদায়ের পর ৬৬ রান নিয়ে অপরাজিত থাকা সৌম্যের সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক মুশফিকুর রহিম।
দিনশেষে মুশফিকের সংগ্রহে রয়েছে ১ রান। আর নিজেদের প্রথম ইনিংসের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৩৩ রান।
এর আগে আগের দিনের ৪ উইকেটে ৩২১ রানের পুঁজি নিয়ে বুধবার সকালে ব্যাটিংয়ে নামে স্বাগতিক শ্রীলঙ্কানরা। শেষ পর্যন্ত ৪৯৪ রান তুলে অলআউট হয় রঙ্গনা হেরাথের দল। আগের দিনের সেঞ্চুরিয়ান (১৬৬ রান করে অপরাজিত ছিলেন) কুশাল মেন্ডিস এদিন ডবল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।
তবে তামিম ইকবালের দুর্দান্ত এক ক্যাচের সুবাদে ব্যক্তিগত ১৯৪ রানে ক্রিজ ছাড়তে হয় এই লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যানকে। মেহেদী হাসান মিরাজের বলে তামিমের হাতে ধরা পড়েন তিনি।
মূলত মেন্ডিসের ব্যাটেই ৪৯৪ রানের বড় সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় শ্রীলঙ্কা। তবে গুনারত্নের ৮৫, ডিকওয়েলার ৭৫ এবং দিলরুয়ান পেরেরার ৫১ রান স্বাগতিকদের সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বাংলাদেশের পক্ষে এই ইনিংসে সর্বাধিক ৪ উইকেট নিয়েছেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। এ ছাড়া মুস্তাফিজুর রহমান ২টি এবং তাসকিন, শুভাশীষ ও সাকিব একটি করে উইকেট নিয়েছেন।
এমবি





