কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে গত ২৭ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর স্বাগতিকদের সঙ্গে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলে টাইগাররা। ওই ম্যাচে ড্রয়ের মধ্য দিয়ে কিছুটা হলেও সামার্থ্য জানান দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল।
প্রস্তুতি ম্যাচের ফলাফল ছাড়াও সাম্প্রতিক সময়ে দারুণ পারফরম্যান্স উপহার দেওয়ায় বাংলাদেশকে সমীহ করছে স্বাগতিক শ্রীলঙ্কা। আগামী দিন প্রথম টেস্টে মাঠে নামার আগে আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি কঠিন হবে বলে জানান শ্রীলঙ্কা দলের অধিনায়ক রঙ্গনা হেরাথ।
হেরাথ বলেন, ‘জিম্বাবুয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আমি চ্যালেঞ্জিং সিরিজের কথা বলেছিলাম। এবার বাংলাদেশের বিপক্ষেও চ্যালেঞ্জ থাকছে। এটি কঠিন একটি সিরিজ হতে পারে। তবে আমি আশা করি দলের খেলোয়াড়রা তাদের সেরাটা দেবে। দল নিয়ে আমি বেশি আত্মবিশাসী।’
লঙ্কান দলপতির আরো বলেন, ‘গলে শেষবারের মুখোমুখিতে বাংলাদেশের মতো আমরাও রান পেয়েছিলাম। ওই ম্যাচে মুশফিক ২০০ এবং আশরাফুল ১৯০ করেছিল। তবে এরপর কলম্বো টেস্টে আমরা ভালো পারফরম্যান্সে জয় পেয়েছিলাম।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী দিন প্রথম টেস্ট শুরুর পর ১৫ই মার্চ দ্বিতীয় টেস্টে স্বাগতিকদের মুখোমুখি হবে টাইগাররা।
নাজিব





