প্রথমে ব্যাট করতে নেমে প্রতিপক্ষের সামনে ২৪৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি ক্রিকেটে এই রান তাড়া করে জেতা যে বেশ কঠিনই বটে, তা বোঝা গেছে ম্যাচ শেষেও।
সফরকারী ওয়েস্ট ইন্ডিজ এর জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১২৪ রানে ইনিংস গুটিয়ে নেয়। তাই তারা হেরেছেও ১১৯ রানের বিশাল ব্যবধানে।
কলিন মুনরোর অসাধারণ সেঞ্চুরির ওপর ভর করে নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করতে মেনে ২৪৩ রানের বিশাল সংগ্রহ গড়ে। যাতে মুনরো ৫৩ বলে ১০৪ রানের চমৎকার একটি ইনিংস খেলেন। ওপেনার মার্টিন গাপটিলও দারুণ একটি হাফ সেঞ্চুরি করেন। তিনি ৩৮ বলে ৬৩ রান করেন।
কার্লোস ব্রেথওয়েট দুই উইকেট নিয়েও প্রতিপক্ষের বড় সংগ্রহের পথে খুব একটা বাধা হতে পারেননি।
বিশাল সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় মাত্র ২ রানের মাথায় দুই ওপেনারকে হারিয়ে বসে। এর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ১২৪ রান করতেই সবকটি উইকেট হারিয়ে বসে তারা।
এই হারে সিরিজও হাতছাড়া করেছে ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ড ২-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে। সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা নিউজিল্যান্ড সফর শেষ করল কোনো জয় ছাড়াই। এর আগে টেস্ট ও ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছিল তারা।





