বাংলাদেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। পেশাদার এই লিগের গেল আসরের পৃষ্ঠপোষক ছিল ফ্যাশন হাউস মান্যবর।

এবার পৃষ্ঠপোষক বদল হয়েছে। ভারতের ইন্ডিয়ান সুপার লিগের আদলে বাংলাদেশ সুপার লিগ (বিএসএল) আয়োজন করতে যাওয়া সাইফ পাওয়ারটেক এবার স্বত্ব কিনে নিয়েছে পেশাদার লিগের। ২০ কোটি টাকায় ৫ বছরের জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের পৃষ্ঠপোষক হয়েছে সাইফ পাওয়ারটেকের অঙ্গ প্রতিষ্ঠান সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেড।

শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়।

এবার অবশ্য ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে পেশাদার লিগ। আগে কেবল ঢাকায় বিপিএলের ম্যাচ অনুষ্ঠিত হলেও এবার ঢাকার বাইরে আরো ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে লিগ। ঢাকার বাইরের ভেনুগুলো হল- চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, বরিশাল জেলা স্টেডিয়াম, ময়মনসিংহের জেলা স্টেডিয়াম এবং গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম।

লিগের ১৩২ টি ম্যাচের ২২টি হবে ঢাকার স্টেডিয়ামে। আর বাকি ১১০ টি ম্যাচ হবে ঢাকার বাইরের ভেন্যুগুলোতে।

প্রাথমিকভাবে ঢাকার বাইরের ছয়টি ভেন্যু নির্বাচন করা হলেও শেষ পর্যন্ত এখান থেকে একটি ভেন্যু বাদ পড়বে। ফলে ঢাকাসহ মোট ছয়টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ২০১৬-১৭ মৌসুমের ম্যাচগুলো। সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের মাঝামাঝি সময়ে মাঠে গড়াবে পেশাদার লিগের নতুন মৌসুম।

এবারের পেশাদার লিগে অংশ নেবে ১২টি দল।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উপমন্ত্রী আরিফ খান জয়, এমপি। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোহাম্মদ সালাহউদ্দিন আহমেদ। সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক ও সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ মাহি ও বাদল রায়।

এফএফ