নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শুভ সূচনা করেছে পাকিস্তান। বৃহস্পতিবার ৭ উইকেটে জিতেছে শহীদ আফ্রিদির দল।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৫ রান করে নিউজিল্যান্ড। জবাবে ৫ বল বাকি থাকতে ৩ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।

টি-টোয়েন্টিতে পাকিস্তানের এটা ৫০তম জয়। সবচেয়ে সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে প্রথম দল হিসেবে ৫০ ম্যাচ জিতল তারা।

ইনিংসের প্রথম তিন ওভারে ১৫ রান করতেই ৩ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড। এরপর মার্টিন গাপটিল ও কোরি অ্যান্ডারসন দলের হাল ধরেন। গাপটিল ৩২ রান করে আউট হলে অ্যান্ডারসনের সঙ্গে জোট বাধেন লুক রঞ্চি। অ্যান্ডারসন বিদায় নেন ৪৮ রান করে। আর সপ্তম উইকেটে সাজঘরে ফেরার আগে ৩৩ রান করে রঞ্চি।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন সোহেল তানভির ও মোহাম্মদ ইরফান।

লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান সংগ্রহ করে পাকিস্তান। কিন্তু পর পর দুই ওভারে ওয়াইজ জিয়া (২০) এবং মোহাম্মদ হাফিজ (২) আউট হয়ে গেলে কিছুটা হোঁচট খায় স্বাগতিকরা।

অবশ্য দলকে কোনোরকম দুর্ভাবনায় পড়তে দেননি আরেক উদ্বোধনী ব্যাটসম্যান সরফরাজ আহমেদ। অপরাজিত ৭৬ রান করে দলকে লক্ষ্যে পৌছে দেন তিনি। ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে এটাই তার সর্বোচ্চ ইনিংস। ৬৪ বলের ইনিংসে ৮টি চার ও ২টি ছক্কা মারেন তিনি।

আরেক অপরাজিত ব্যাটসম্যান উমর আকমল ১৪ বলে ৩টি চার ও ১টি ছক্কায় ২৭ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড: ২০ ওভারে ১৩৫/৭ (গাপটিল ৩২, উইলিয়ামসন ০, ডেভসিচ ১, টেইলর ৪, অ্যান্ডারসন ৪৮, রঞ্চি ৩৩, নিশাম ৬, ম্যাককালাম ১*, মিলনে ২*; তানভির ২/২৪, ইরফান ২/২৭, আনোয়ার ১/১৫, রাজা ১/২৪, আফ্রিদি ১/২৭)

পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪০/৩ (সরফরাজ ৭৬*, জিয়া ২০, হাফিজ ২, সোহেল ১১, আকমল ২৭*; ম্যাকক্লেনাগান ১/২১)

জেডআই