হামস্ট্রিং ইনজুরি থেকে দ্রুত সুস্থ হয়ে উঠছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। তাই আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরছেন ক্লার্ক। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে তেমনটাই জানালেন ক্লার্ক, ‘আগের চেয়ে ভালো উন্নতি হয়েছে ইনজুরির। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবো। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলাই প্রধান লক্ষ্য আমার।’
হামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ না হয়েই জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে খেলতে মাঠে নামেন ক্লার্ক। সেখানেই গিয়েও ঘটে বিপত্তি। আবারো একই ইনজুরি সমস্যায় ফেলে ক্লার্ককে। তাই ত্রিদেশীয় সিরিজে সবগুলো ম্যাচ খেলতে পারেননি তিনি।
তবে দ্রুত সুস্থ হবার জন্য জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে দলের ফিজিও অ্যালেক্স কন্ডুরিসের শরণাপন্ন হন ক্লার্ক। তার তত্ত্ববধানে থেকে গেল কয়েক সপ্তাহে ইনজুরির নিয়ে বেশ কাজ করেছেন অসি দলপতি। তাই আগের চেয়ে বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছেন ক্লার্ক। তাই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে না থাকলেও, টেস্ট সিরিজে তাকে দলে রাখার জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে জানিয়েছেন তিনি।
তাই পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন ক্লার্ক, ‘অ্যালেক্স আমার শরীর সর্ম্পকে বেশ ভালোই জানে। তার তত্ত্ববধানে থেকে ভালো উপকার পেয়েছি আমি। আগের চেয়ে ভালো উন্নতি হয়েছে ইনজুরির। আশা করছি দ্রুত সুস্থ হয়ে উঠবো। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলাই প্রধান লক্ষ্য আমার।’
টেস্ট সিরিজে খেলার লক্ষ্য কথা জানালেন ক্লার্ক। তবে পুরোপুরি সুস্থ না থাকলে ম্যাচ খেলবেন না তিনি। এমনটা জানাতেও পিছপা হননি ক্লার্ক, ‘আমাকে ম্যাচ খেলার অনুমতি দিয়েছেন অ্যালেক্স। তাই টেস্ট দলে আমাকে রাখতে বোর্ডকে জানিয়ে দিয়েছি। তবে পুরোপুরি ফিট না হলে টেস্ট খেলবো না আমি। শতভাগ সুস্থ হলেই ম্যাচ খেলতে মাঠে নামবো। ম্যাচ শুরুর আগে সর্বশেষ ফিটনেস পরীক্ষায় উত্তীর্ন হলেই খেলার চূড়ান্ত সিদ্বান্ত নিবো।’
ক্লার্কের মত ইনজুরি সমস্যায় ভুগছেন অস্ট্রেলিয়ার দলের এক নম্বর অলরাউন্ডার শেন ওয়াটসন। তাই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়নি তাকে। এমনকি টেস্ট সিরিজেও দলে রাখা হবে না ওয়াটসনকে, তা একরকম নিশ্চিত। তবে এটি নিয়ে খুব বেশি ভাবতে নারাজ ক্লার্ক। তার মতে, ‘এটি নিয়ে ভাবার কিছু নেই। ওয়াটসনের দলের মহাগুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে খেললে ব্যাটিং-বোলিং দু’বিভাগেই বড় ধরনের সুবিধা পাই আমরা। তাই আশা করছি সে দ্রুতই মাঠে ফিরবে। অবশ্যই বিশ্বকাপের আগে তাকে দলে দেখতে চাই।’
ওয়াটসনের জায়গায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে সুযোগ পেয়েছেন মিচেল মার্শ। এমনকি ত্রিদেশীয় সিরিজেও দলে ছিলেন তিনি। ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন মার্শ। তাই দলে নিজের জায়গাটি পাকাপোক্ত করে নেয়ার দারুণ এক সুযোগ মার্শের সামনে বলে মনে করেন ক্লার্ক, ‘সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে দু’টি সেঞ্চুরি করেছে মার্শ। জিম্বাবুয়েতেও ভালো করেছে। তাই এখন টেস্ট খেলার জন্য পুরোপুরি প্রস্তুত মার্শ। নির্বাচকরা তার উপর আস্থা রাখতে পারে।’
সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে একটি টুয়েন্টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে সফর। দুবাইয়ে আগামী ৫ অক্টোবর অনুষ্ঠিত হবে টি-২০ ম্যাচটি।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেডআই





