চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই বাংলাদেশ সফরে আসছে দুরন্ত গতিতে থাকা পাকিস্তান। বাংলাদেশের সাথে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আছে দুই ম্যাচের টেস্ট সিরিজও।

এই সিরিজ দিয়েই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিরতে চলেছে দর্শক। ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক মাঠে প্রবেশ করতে পারবেন এই সিরিজে। টিকা নেয়া দর্শকই কেবল ঢুকতে পারবেন মাঠে।

এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানান, ‘পরিস্থিতি এখন অনেকটাই ভালো, তাই মাঠে দর্শক ফেরাতে চাই আমরা। ধারণ ক্ষমতার ৫০ ভাগ দর্শক মাঠে রাখার পরিকল্পনা নিয়ে কাজ চলছে। সরকারের সবুজ সঙ্কেত পেলে চূড়ান্ত হবে। বর্তমান পরিস্থিতিতে আশা করি অনুমতি পেয়ে যাব। সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ এখন পর্যন্ত ইতিবাচক।’

সবশেষ গত বছরের মার্চে জিম্বাবুয়ে সিরিজে মাঠে বসে খেলা দেখেন দেশের দর্শকরা। কোভিডের কারণে এরপরই বন্ধ হয়ে যায় সবধরনের ক্রিকেট।

কোভিড পরিস্থিতিতে ১০ মাস বন্ধ থাকার পর গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরে বাংলাদেশে।

আগামী ১৯ নভেম্বর পাকিস্তানের সাথে প্রথম টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। ২০ ও ২২ নভেম্বর পরের দুটি ম্যাচ। সব ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুরেই। ২৬ নভেম্বর প্রথম টেস্ট শুরু চট্টগ্রামে। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর ঢাকায়।

এমআর