দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিয়েছে সফরকারী পাকিস্তান। হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়েকে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৫ রানে হারিয়ে ২-০ তে সিরিজ নিজেদের করে নিয়েছে শহীদ আফ্রিদির দল।

প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তান ১৩৬ রান সংগ্রহ করেছিল। জবাবে ব্যাটিংয়ে নেমে ১২৩ রানে থেমে যায় স্বাগতিকদের ইনিংস।

ফলে, ১৩ রানে হারতে হয় প্রথম ম্যাচটি। দ্বিতীয় ম্যাচেও পাকিস্তানের সংগ্রহ সেই ১৩৬ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের ইনিংস শেষ হয় ১২১ রানে।

ফলে, দ্বিতীয় ম্যাচেও পাকিস্তান জয় পায়। এবারের জয়টি গত ম্যাচের থেকে ২ রান বেশি (১৫ রান)।

টসে জিতে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদি আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে সফরকারীরা ১৩৬ রান তোলে।

দলের হয়ে সর্বোচ্চ রান আসে উমর আকমলের ব্যাট থেকে। ২৮ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন তিনি।

ওপেনার মোহাম্মদ হাফিজ করেন ১৭ রান। আরেক ওপেনার আহমেদ শেহজাদ করেন ৭ রান। তিন নম্বরে নামা সোয়েব মাকসুদ খেলেন ২৬ রানে ইনিংস। সোয়েব মালিকের ব্যাট থেকে আসে ১৫ রান।

উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান ১৬ রান করে বিদায় নেন। দলপতি আফ্রিদি প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও ২ রান করে সাজঘরে ফেরেন। ইমাদ ওয়াসিম ১৩ রান করে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নেন পানিয়াঙ্গারা এবং জোঙ্গী। এছাড়া একটি করে উইকেট পান ক্রেমার এবং উতসেয়া।

১৩৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চিগুম্বুরার দল ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ওভার শেষে তোলে ১২১ রান।

দলীয় ২৪ রানের মাথায় টপঅর্ডারের চার ব্যাটসম্যানকে হারায় স্বাগতিকরা। ওপেনার মাসাকাদজা ৯, বিভাবা ৩ রান করে বিদায় নেন। আরভিন ১, মুতুম্বামি ৩, জোঙ্গী ৮ রান করেন।

তবে, পঞ্চম উইকেট জুটিতে জিম্বাবুয়ের হয়ে সিকান্দার রাজা এবং উইলিয়ামস ৬০ রান স্কোরবোর্ডে জমা করেন।

রাজা ৩৬ বলে ৩৬ রানে আউট হলেও উইলিয়ামস ৩৬ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। দলপতি চিগুম্বুরা ৮ বল খেলে দুটি ছক্কায় করেন ১৭ রান।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট তুলে নেন ইমরান খান এবং মোহাম্মদ ইরফান। এছাড়া একটি করে উইকেট পান সোহেল তানভির এবং ইমাদ ওয়াসিম।

আফ্রিদি ৪ ওভারে ২৬ রান খরচায় কোনো উইকেট তুলে নিতে পারেননি।

ম্যাচ সেরা হয়েছেন উমর আকমল। আর সিরিজ সেরা হয়েছেন গত ম্যাচের নায়ক ইমাদ ওয়াসিম।

এমআর