মঙ্গলবার থেকে নিউ জার্সিতে পর্তুগীজ দল তাদের বিশ্বকাপের প্রস্তুতি মিশন শুরু করেছে। কিন্তু পুরো দলই এখন এখন তাদের দলের মূল ভরসা তারকা উইঙ্গার ক্রিশ্চিয়ানো রোনালদোর ফিটনেসের দিকে তাকিয়ে আছে।
বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে রোনালদোর ইনজুরি নিয়ে ততই দু:শ্চিন্তা বাড়ছে পর্তুগীজ শিবিরে। গত বছরের বিশ্বসেরা এই ফুটবলারের জন্য তাই সাম্প্রতিক সময়টা কোন সুসংবাদ বয়ে আনছে না। এক রিপোর্টে পর্তুগীজ ফুটবল এসোসিয়েশন থেকে জানানো হয়েছে রোনালদোর বাম থাইয়ের পিছনে পেশীর ইনজুরি ছাড়াও বাম পায়েই হাঁটুতে ইনজুরি রয়েছে। রোনালদো ছাড়া মেডিকেল রিপোর্টে রাও মেইরেলেস, পেপে এবং বেটোর ইনজুরির খবর পাওয়া গেছে।
নিউ ইয়র্কেল জেটস অনুশীলন সেন্টারে এই চারজনকে ভিন্ন ধরনের ব্যায়াম করতে দেখা গেছে। আর তাই ধরেই নেয়া হয়েছে ১২ জুন বিশ্বকাপ শুরু হবার আগে মূল দলে জায়গা ধরে রাখতে হলে শেষ মুহূর্ত পর্যন্ত তাদের ইনজুরির সাথে লড়াই চালিয়ে যেতে হবে।
রোনালদোর সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সতীর্থ ন্যানি বলেছেন, আমরা আশা করছি সময়মত রোনালদো পুরোপুরি ফিট হয়ে উঠবে এবং বরাবরের মতই দলের পক্ষে নিজের অবদান রাখবে। তার ইনজুরি এখন অনেকটাই সুস্থতার পথে। সবকিছুই ঠিকমতই এগিয়ে যাচ্ছে। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে দুটি অনুশীলন ম্যাচ খেলতে মঙ্গলবারই যুক্তরাষ্ট্রে পৌঁছেছে পর্তুগীজরা। নিউ জার্সিতে নিওয়ার্ক বিমানবন্দরে হাজারো ভক্ত-সমর্থকরা তাদের উষ্ণ অভ্যর্থণা জানায়। শুক্রবার তারা প্রথম ম্যাচে বোস্টনে মেক্সিকোর বিপক্ষে এবং আগামী মঙ্গলবার জেটস মেটলাইফ স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে।
কাঁধের ইনজুরির কারণে ২০১০ দক্ষিণ আফ্রিকান বিশ্বকাপে খেলতে পারেননি ২৭ বছর বয়সী ন্যানি। তাই তিনি ইনজুরির বিষয়টা একজন খেলোয়াড়ের জন্য কতটা হতাশার তা বেশ ভালই উপলব্ধি করতে পারেন। এতে করে একজন খেলোয়াড়ের আত্মবিশ্বাসে চিড় ধরে বলে তিনি মন্তব্য করেছেন। বিশেষ করে বিশ্বকাপ এমন একটি জায়গা যেখানে শতভাগ ফিট না হয়ে খেলাটা অনেক কঠিন। তার উপর ফর্মও শীর্ষে থাকতে হয়। তার মতে বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানীর বিপক্ষে ম্যাচটির ফলাফলই টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে প্রভাব ফেলবে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৭৩ ম্যাচে ১৪ গোল করেছেন এই মিডফিল্ডার।
ঢাকা, ৪জুন (টাইমনিউজবিডি) //জেডআই