[b]মাদ্রিদ:[/b] গত সোমবার ফিফা ব্যালন ডি'অরের সিংহাসন হারিয়েছেন টানা চারবারের বর্ষসেরা ফুটবলার লিওনেল মেসি। এবার সেটি ফিরিয়ে পেতে জোর চেষ্টা চালাবেন তিনি। তার প্রমাণও রাখলেন মাঠে নেমেই। বৃহস্পতিবার কোপা ডেল রেতে গেটাফের বিপক্ষে করেছেন জোড়া গোল। তবে নেইমারের ইনজুরিতে তাদের ২-০ গোলের জয় ম্লান হয়ে গেছে।
প্রথম লেগে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৪-০ গোলে জিতেছিল বার্সেলোনা। গেটাফের মাঠেও জিতেছে ২-০ গোলে। ফলে দুই লেগ মিলে ৬-০ তে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে তারা।
দীর্ঘ দুই মাস ইনজুরিতে থাকা মেসি আগের ম্যাচে প্রথমার্ধের পর মাঠে নেমে করেছিলেন এক গোল। এই ম্যাচে নেইমার, ফেব্রিগাস ও তেয়োদের সঙ্গে শুরুর একাদশে দলে রাখা হয়েছিল মেসিকে।
খেলা শুরুর চার মিনিটেই গোলের সুযোগ পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। কিন্তু তার কিক করা বল গোলপোস্টের বাহির দিয়ে চলে যায়। তবে বিরতিতে যাওয়ার আগেই গোলের দেখা পান এই স্ট্রাইকার। ৪৪ মিনিটে তেয়োর পাস থেকে বল পেয়ে গেটাফের জালে জড়িয়ে দেন তিনি। আর জোড়া গোল পূর্ণ করেন ৬৩ মিনিটে।
তবে বার্সার জন্য দু:সংবাদ আসে খেলার খেলার ২২ মিনিটে। চোট পেয়ে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ২৮ মিনিটে মাঠ থেকে উঠে যান নেইমার।