ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে ঘরের মাঠে অ্যাথলেটিক বিলবাওকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। বার্নাব্যুতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা অষ্টম এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে লস ব্লাঙ্কোসরা।
ঘরের মাঠে রিয়ালের শুরুটাও হয় দারুণ। তৃতীয় মিনিটে করিম বেনজেমার বাড়ানো বল ধরে ডি বক্সে ঢুকে এক বাঁ পায়ের টোকায় এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে কোনাকুনি শটে দলকে এগিয়ে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। শুরুতেই এগিয়ে যাওয়ার আনন্দ অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি রিয়ালের। সাত মিনিট বাদেই রাফায়েল ভারানের ভুলে সমতায় ফেরে বিলবাও। গোলরক্ষককে বল বাড়িয়েছিলেন ফরাসি এই ডিফেন্ডার। কেইলর নাভাস তা বিপদমুক্ত করার সুযোগ পাননি; ছুটে এসে সহজেই বল জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার হাভিয়ের এরাসো।
২৭তম মিনিটে এগিয়েও যেতে পারতো বিলবাও, কিন্তু স্প্যানিশ ফরোয়ার্ড আরিৎস আদুরিসের শট ক্রসবারে লাগলে বেঁচে যায় স্বাগতিকরা। ৩৭তম মিনিটে হামেস রদ্রিগেসের চমৎকার এক গোলে ফের এগিয়ে যায় রিয়াল। ২৫ গজ দূর থেকে দারুণ বাঁকানো এক শটে বাঁ পোস্ট দিয়ে বল জালে জড়ান কলম্বিয়ার এই মিডফিল্ডার। আর বিরতির ঠিক আগে স্কোরলাইন ৩-১ করে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন টনি ক্রুস। রোনালদোর পাস নিয়ন্ত্রণে নিয়ে শরীরটাকে ঘুরিয়ে নিচু শটে বল জড়ান এই জার্মান মিডফিল্ডার।
৮৩তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে ভারানে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় রিয়াল। তবে তাতে দলটির জয়ের পথে কোনো বাধা হয়নি। এর চার মিনিট বাদে নিজের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৪-১ করে সহজ জয় নিশ্চিত করেন রোনালদো। বদলি নামা স্প্যানিশ মিডফিল্ডার লুকাস ভাসকেসের উচু করে বাড়ানো বল ডি বক্সের মধ্যে বুক দিয়ে নামিয়ে এক জনের বাধা এড়িয়ে লক্ষ্যভেদ করেন তিনবারের বর্ষসেরা এই ফুটবলার। এবারের লিগে রোনালদোর এটি ২১তম গোল। গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার স্ট্রাইকার লুইস সুয়ারেসের গোল ২০টি।
শেষ দিকে দারুণ এক হেডে হারের ব্যবধান কমান স্পেনের মিডফিল্ডার এলুসতোন্দো উর্কিয়োলা। এই জয়ে দ্বিতীয় স্থানে উঠে আসা রিয়ালের পয়েন্ট হলো ২৪ ম্যাচে ৫৩। তিন নম্বরে থাকা অ্যাটলেটিকোর পয়েন্ট ৫১, তবে একটি ম্যাচ কম খেলেছে তারা। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৪, রিয়াল থেকে দুই ম্যাচ কম খেলেছে লুইস এনরিকের দল। সূত্র:গোল.কম।
ফারুক





