আর মাত্র কয়েক ঘণ্টা বাকি, এরপরই মহারণের ম্যাচে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। লা লিগার এ ম্যাচে শুধুমাত্র স্পেন নয়, তাকিয়ে থাকবে পুরো বিশ্বই। যেখানে খেলতে দেখা যাবে বিশ্বের সেরা ও দামি সব ফুটবলারকে। আলো ছড়াতে প্রস্তুত রিয়ালের রোনালদো আর বার্সার মেসি।

বার্সেলোনার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে শীর্ষে থেকে আজ (রোববার) ঘরের মাঠে খেলতে নামবে রিয়াল। ৩১ ম্যাচে জিনেদিন জিদানের দলের পয়েন্ট ৭৫। এক ম্যাচ বেশি খেলা কাতালান ক্লাবটির পয়েন্ট ৭২। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে ম্যাচটি। বার্সার মাঠ ক্যাম্প ন্যু’তে লিগে প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।

লা লিগায় টানা চারটি মৌসুমে শিরোপা জেতা হয়নি রিয়াল মাদ্রিদের! সেই যে ২০১১-১২ মৌসুমে হোসে মরিনহো আমলে ট্রফি জিতেছে এরপর থেকে শুধুই আক্ষেপ। যে আক্ষেপ ফুরোবার দারুণ সুযোগ এবার গ্যালাকটিকোদের সামনে। যদিও মৌসুম শেষ হতে এখনো মাসখানেক বাকি, তবে রিয়াল লা লিগার ট্রফিতে এক হাত দিয়ে রাখতে পারবে আজকের ম্যাচটা জিতলেই।

এ লড়াইটা মৌসুম শেষে বার্সা ছাড়তে যাওয়া কোচ লুইস এনরিকের জন্যও বিশেষ কিছু। খেলোয়াড়ী জীবনে রিয়ালের হয়ে পাঁচ বছরের ক্যারিয়ারে একটি লিগসহ মোট তিনটি শিরোপা জিতেছিলেন তিনি। পরে বার্সেলোনায় যোগ দেন এবং সেখানে আট বছরের ক্যারিয়ারে দুটি লা লিগাসহ মোট সাতটি শিরোপা জিতেন স্পেনের সাবেক এই মিডফিল্ডার।

এ ম্যাচকে ঘিরে আবার দু’দলের মধ্যেই শঙ্কা রয়েছে। কারণ অনিশ্চয়তা রয়েছে দু’দলেরই সেরা দুই স্ট্রাইকারকে নিয়ে। নিষেধাজ্ঞার কারণে থাকতে পারবেন না বার্সার নেইমার। বার্সা অবশ্য শেষ মুহূর্তে স্পেনের ক্রীড়া আদালতে আপিল করেছে। তবে সেটা কাজে লাগবে কিনা তাতে থাকছে সন্দেহ। সে ক্ষেত্রে মেসি-সুয়ারেজের সঙ্গে আক্রমণের দায়িত্বে থাকবেন পাকো আলকাসার।

সংশয় আছে রিয়াল মাদ্রিদ উইঙ্গার গ্যারেথ বেলকে নিয়েও। তবে চোট কাটিয়ে পরশু অনুশীলনে ফিরেছেন ওয়েলস তারকা। আজ তিনি না খেললে কিছুটা দুশ্চিন্তায় থাকতে পারেন রিয়াল কোচ জিনেদিন জিদান।

এমএনজে