কাজাকাস্তানের বিপক্ষে এপ্রিলের শুরুতে অনুষ্ঠিতব্য ডেভিস কাপের কোয়ার্টার ফাইনালে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বের সাবেক এক নম্বর তারকা রজার ফেদেরার। নিজের টুইটার অ্যাকাউন্টে সুইস তারকা এই আশ্বাস দেন।
ক্যারিয়ারে ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জিতলেও এখন পর্যন্ত ডেভিস কাপের শিরোপার দেখা পাননি ৩২ বছর বয়সী এই তারকা। গত সপ্তাহে বর্তমান রানার্স-আপ সার্বিয়াকে ৩-২ ব্যবধানে পরাজিত করে ফেদেরারের সুইজারল্যান্ড দল ডেভিস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে।
ফেদেরার সোমবার তার টুইটারে সুইস দলের অধিনায়ক সেভেরিন লুথি এবং সম্প্রতী অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিযন স্ট্যানিসলাস ওয়ারিঙ্কা সম্পর্কে লিখেছেন, ‘কাজাকাস্তানের বিপক্ষে এপ্রিলে আমি আমার দুই বন্ধু অধিনায়ক সেভে এবং স্ট্যানের সাথে দলে থাকবো।’
বর্তমান র্যা ঙ্কিংয়ে ফেদেরারের অবস্থান অষ্ঠম আর ওয়ারিঙ্কার তৃতীয়। আগামী ৪-৬ এপ্রিল ঘরের মাটিতে সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে কাজাকাস্তানের মুখোমুখি হবে। প্রথম রাউন্ডে বেলজিয়ামের বিপক্ষে টাই পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে কাজাক দল।
ঢাকা,৪ফেব্রুয়ারি(টাইমনিউজবিডি)//জেডআই