অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে পাকিস্তানে! প্রায় সাত বছর হলো দেশের মাটিতে কোনো বড় দলকে খেলতে দেখছে না পাকিস্তানের দর্শক। তবে নাজাম শেঠীর কথা সত্য হলে শিগগিরই শীর্ষ কোনো দল পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে পাকিস্তানে।

২০০৯ সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই আন্তর্জাতিক ক্রিকেট কী জিনিস ভুলে যেতে বসেছে পাকিস্তানের স্টেডিয়ামগুলো। গত বছর জিম্বাবুয়ে সফর দিয়ে সে দুঃখটা ভুললেও , সে সফরে শুধু টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেছিল দুই দল।

দেশের মাটিতে টেস্ট ক্রিকেট খেলার অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে পাকিস্তানের। তবে কাল সে অচলাবস্থা কাটার ইঙ্গিত দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির প্রধান শেঠি।

স্থানীয় এক টেলিভিশন চ্যানেলকে শেঠি বলেছেন, শীর্ষ এক দলের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়েছে পিসিবির। তবে এখনই দলটির নাম বলতে চান না নির্বাহী কমিটির প্রধান, ‘আমরা এখনো আলোচনা করছি, তাই ওদের নাম বলা ঠিক হবে না। তবে আমরা সাফল্যের খুব কাছাকাছি।’

এর আগে ওয়েস্ট ইন্ডিজকেও প্রায় রাজি করিয়ে ফেলেছিল পাকিস্তান। কিন্তু নতুন করে লাহোরে সন্ত্রাসী হামলার পর সে প্রস্তাবটিও ভেস্তে গিয়েছে, ‘যখনই আমরা এগিয়ে যেতে চেয়েছি, নতুন কোনো ঘটনা আমাদের পিছিয়ে দিয়েছে।’

তো দেখা যাক, সাহায্য করতে এগিয়ে আসছে শীর্ষ কোন দল পাকিস্তানকে! সূত্র: পিটিআই।

মাহমুদ