বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল ম্যাচে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে শেষ মুহুর্তে গোল হজম করল বাংলাদেশ। এই গোলের ফলে ৩-২ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করেছে সফরকারী মালয়েশিয়া।

রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার শুরু থেকে বাংলাদেশ দল গোলের জন্য মরিয়া হয়ে উঠলেও বেশ সতর্ক ফুটবল খেলেছিল মালয়েশিয়ার যুবারা। স্বাগতিকরা একের পর এক আক্রমণ চালালেও তারা সফরকারীদের জালে বল জড়াতে পারেনি। উল্টো মালয়েশিয়ায় গোল করে এগিয়ে যায়।

খেলার ৩২ মিনিটে ফ্রি-কিক পায় মালয়েশিয়া। সেখান থেকে সরাসরি কিক করে গোল করেন সফরকারীদের নাজিরুল।

এরপর গোলটি শোধ করার জন্য বাংলাদেশের খেলোয়াড়রা বেশ কয়েকটি আক্রমণ করেন। কিন্তু তাদের আক্রমণাত্ম খেলাই আবার কাল হয়ে দাঁড়াল। প্রথম গোলের ৮ মিনিট পর দারুণ এক সুযোগ পেয়ে গোল করতে ভুল করেননি মালয়েশিয়ার কুমাহরান। ফলে ২-০ গোলে এগিয়ে যায় তারা।

বিরতির পর বাংলাদেশ দলের কাছে কোনো পাত্তাই পায়নি মালয়েশিয়া। খেলার ৪৮ মিনিটে হেড করেন নাসিরুদ্দিন। তার বল মালয়েশিয়ার গোলরক্ষক ফিরিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু এমিলি দুর্দান্ত কিক করে গোল নিশ্চিত করেন।

৫৫ মিনিটে একটি কর্নার পায় বাংলাদেশ। কর্নার থেকে আসা বল হেড করে গোল করেন ইয়াসিন। এরপর যেন জীবন ফিরে যায় স্বাগতিকরা। একের পর এক আক্রমণ করতে থাকে এমিলিরা। কিন্তু গোলের দেখা পায়নি।

দ্বিতীয়ার্ধের মূল লড়াইয়ে মালয়েশিয়া কোনো ফ্রি-কিক ও কর্নার পায়নি। তবে ইনজুরি টাইমের দ্বিতীয় মিনিটে কর্নার পায় সফরকারীরা। আর সেই কর্নার থেকে আসা বল হেড করে বাংলাদেশের জালে জড়িয়ে দিয়ে শিরোপা নিশ্চিত করেন মালয়েশিয়ার ফাইজাত।

জেডআই