মাঠের বাইরে নেইমারকে নিয়ে আলোচনা থামছে না কখনোই। এমনিতেই বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা বলে স্পট লাইট তার উপর থাকেই। তবে রেকর্ড পারিশ্রমিকে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দেওয়ার সময় থেকে মাঠের বাইরেও কতো আলোচনা।

এই দুদিন ধরে যেমন বাতাসে গুঞ্জন, বার্সা ছেড়ে এখন নাকি অনুতপ্ত নেইমার। তবে এসব আলোচনার মাঝে মাঠে ব্রাজিলিয়ান তারকা কিন্তু একই রকম ছন্দময়। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেখটকের বিপক্ষে দুরন্ত নেইমারকে দেখলো সবাই।

নিজে গোল করলেন একটি। পরোক্ষ ভাবে অবদান রেখে সতির্থদের দিয়ে করালেন তিনটি। সঙ্গে কুরজাওয়ার ইতিহাস গড়া হ্যাটট্রিকে ৫-০ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোল নিশ্চিত করে ফেলল ফ্রেন্স ক্লাবটি।

আগের ৩ ম্যাচে ৩টিতেই জয় তুলে নিয়েছিল পিএসজি। সেই জয়গুলোও আবার প্রবল দাপটে। ৩ ম্যাচে ১২ গোলের বিপরীতে একটি গোলও না হজম করা তো সেটিই বলে। বুলগেরিয়ার ক্লাব আন্ডারলেখটকে পেয়ে সেই দুর্বার পিএসজির গোল ক্ষুধা কি আর থামে! তাই নিজেদের পোস্ট অক্ষত রেখেই প্রতিপক্ষের জালে ৫ বার বল পাঠায় পিএসজি।

ম্যাচের ৩০ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার ভেরাত্তির গোলে এগিয়ে যায় পিএসজি। বিরতির বাঁশি বাজার ঠিক আগে গোল করেন নেইমার। ২-০ গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর সময়টা শুধুই কুরজাওয়ার। এই ফরাসি ডিফান্ডার গোল করেন ৫২, ৭২ ও ৭৮ মিনিটে। আধুনিক চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে কুরজাওয়া প্রথম ডিফেন্ডার যিনি হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন। ইউরোপিয়ান কোন প্রতিযোগিতায় পিএসজির কোন ফিডেন্ডারেরও এই প্রথম এমন কীর্তি।

গত সপ্তাহে ফ্রেন্স লিগে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে লাল কার্ড দেখেছিলেন নেইমার। নিসের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে তাই খেলা হয়নি ব্রাজিলিয়ান তারকার। আন্ডারলেখটের বিপক্ষে মাঠে নেমেই আবারো গোল নেইমারের। কুরজাওয়ার গড়া ইতহাসের দিনেও তাই একটু খানিকও ম্লান নয় নেইমারের পারম্যান্স।

এএস