ওয়ানডে ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ডটা নিজের করে নিলেন ভারতের ওপেনার রোহিত শর্মা। বৃহস্পতিবার ইডেন গার্ডেনে শ্রীলঙ্কার বোলারদের তুলোধুনো করে ২৬৪ রান করেছেন তিনি।
তার আগে ওয়ানডেতে বিশ্বরেকর্ড ছিল স্বদেশী বীরেন্দর শেবাগের দখলে। ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রান করেছিলেন শেবাগ। প্রায় চার বছর পর শেবাগের রেকর্ড ভাঙ্গলেন রোহিত শর্মা।
এদিকে, ২০১৩ সালে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে এক দিনের ক্রিকেটে দ্বিশতকের দেখা পেয়েছিলেন রোহিত। সেবার অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলেন ২০৯ রান। তবে রোহিত শর্মা ও শেবাগকে দ্বিশতকের পথ দেখিয়েছেন শচীন টেন্ডুলকার। ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি এই ক্রিকেটার। এটাই ছিল ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথম দ্বিশতক।
বর্তমানে ডবল সেঞ্চুরি করা তিন জন ক্রিকেটারই ভারতীয় দলের। শচীন ও শেবাগ দ্বিশতকের দেখা পেয়েছেন এক বার করে। আর রোহিত সেই দ্বিশতকের দেখা পেলেন দুই বার।
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম তিনটি ম্যাচে ছিলেন রোহিত শর্মা। তাকে ছাড়াই সিরিজ নিশ্চিত করেছে বিরাট কোহলির ভারত। বৃহস্পতিবার সিরিজের চতুর্থ ওয়ানডেতে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন। অসাধারণ কীর্তি গড়লেন।১৭৩ বলে ২৬৪ রানের মহাকাব্যিক ইনিংস খেলেন ভারতীয় এই হার্ডহিটার ব্যাটসম্যান। ৩৩ টি চার ও ৯ টি ছক্কায় ইনিংসটি সাজিয়েছেন তিনি। ম্যাচের শেষ বলে নুয়ান কুলাসেকারার বলে আউট হন রোহিত। তার ডাবল সেঞ্চুরির সুবাদে ভারতের স্কোরশিটে যোগ হয়েছে ৫ উইকেট হারিয়ে ৪০৪ রান।
জেআই





